‘বাবা, এবার ভালো নম্বর পাবই’— খাতায় লিখে ঘর ছাড়ল ১৩ বছরের কিশোরী, দিল্লিতে চাঞ্চল্য!

পরীক্ষায় কম নম্বর পেয়ে এক ১৩ বছর বয়সী মেধাবী ছাত্রীর ঘর ছাড়ার ঘটনায় শিউরে উঠছে দিল্লি। দিল্লির পুসায় ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটে (ICAR) কর্মরত মনোজ কুমার শর্মার মেয়ে আনভী শর্মা গত ৫ জানুয়ারি থেকে নিখোঁজ। ঘরের কোণে পড়ে থাকা আনভীর খাতার প্রথম পাতায় এখনও জ্বলজ্বল করছে সেই প্রতিশ্রুতি— “বাবা, এবার আমি ভালো নম্বর পাব”। কিন্তু গণিতে নম্বর কম আসায় তিরস্কারের ভয়ে শেষ পর্যন্ত চরম পথ বেছে নিল নবম শ্রেণির এই পড়ুয়া।
মনোজ বাবু জানান, টেগোর পাবলিক স্কুলের ছাত্রী আনভী এর আগেও কয়েকবার কম নম্বর পাওয়ায় তাঁকে সামান্য বকাঝকা করা হয়েছিল। ৫ জানুয়ারি ভোরে পড়তে বসার নাম করে ঘর থেকে বেরিয়ে যায় সে। সকাল ৭টা নাগাদ দেখা যায় আনভী ও তার সাইকেল উধাও। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সে সাইকেল নিয়ে বেরোলেও মাঝপথে এক রহস্যময় ব্যক্তি তার সাইকেলটি ছিনিয়ে নেয়। এরপর তাকে একা তালকাটোরা স্টেডিয়ামের দিকে হেঁটে যেতে দেখা যায়, তারপর থেকেই আর কোনো হদিস নেই।
গত পাঁচ দিন ধরে নিখোঁজ আনভী কোথায়, তা নিয়ে ধন্দে পুলিশ। মনোজ বাবু ও তাঁর পরিবার দিল্লির রাস্তায় রাস্তায় মেয়ের ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পুসার বিজ্ঞানী থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা সকলেই আনভীকে খুঁজতে সাহায্য করছেন। কান্নায় ভেঙে পড়া বাবা শুধু একটিই আর্জি জানাচ্ছেন, “ফিরে আয় মা, তোর নম্বর যাই হোক না কেন, কেউ তোকে কিচ্ছু বলবে না।” পুলিশ তদন্ত শুরু করলেও সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই রহস্যময় ব্যক্তির পরিচয় এখনও মেলেনি।