ভোজ খেয়ে ফেরার পথে মর্মান্তিক পরিণতি! ইলেকট্রিক পোলে ধাক্কা বাইকের, ডোমকলে মৃত যুবক

মুর্শিদাবাদের ডোমকলে ঘটে গেল এক হৃদয়বিদারক পথ দুর্ঘটনা। আত্মীয়র বাড়িতে ভোজ খেয়ে ফেরার পথে প্রাণ হারালেন আলমগীর শেখ (২৫) নামে এক যুবক। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর স্ত্রী ও শালিকা। মৃত আলমগীরের বাড়ি জলঙ্গীর খয়রামারি এলাকায়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ডোমকলের জিতপুর নতুনপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলমগীর তাঁর মাসিশাশুড়ির বাড়িতে ভোজ খেয়ে বাইকে করে মামাশ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে জিতপুর এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রাস্তার ধারের একটি ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আলমগীর। বাইকে থাকা তাঁর স্ত্রী এবং শালিকা জেসমিনা খাতুনও গুরুতর চোট পান।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আলমগীরকে মৃত ঘোষণা করেন। শালিকা জেসমিনার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে। উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হওয়ায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।