দিল্লিতে তুলকালাম! তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করে সরাল পুলিশ, প্রতিবাদে পথে নামছেন মমতা

আইপ্যাকের অফিসে ইডির হানাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল জাতীয় রাজনীতি। একদিকে দিল্লির রাজপথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে তৃণমূল সাংসদদের নজিরবিহীন বিক্ষোভ, অন্যদিকে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী মিছিল— সব মিলিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে।

শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে পোস্টার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের ৮ সাংসদ। অভিযোগ, দিল্লি পুলিশ তাঁদের বাধা দেয় এবং এক পর্যায়ে সাংসদদের কার্যত ‘চ্যাংদোলা’ করে তুলে প্রিজন ভ্যানে তোলা হয়। বর্তমানে তাঁদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

এদিকে, বৃহস্পতিবার আইপ্যাক কর্তার বাড়িতে ইডির হানার ঘটনায় শুক্রবার বেলা ১২টার মধ্যে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অন্যদিকে, কেন্দ্রীয় এজেন্সির এই ‘অতিসক্রিয়তার’ প্রতিবাদে আজ দুপুর ২টোয় পথে নামছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত এই মহামিছিলে তৃণমূলের কর্মী-সমর্থকদের বিশাল জমায়েতের সম্ভাবনা রয়েছে।