“ভোটের সব স্ট্র্যাটেজি লুঠ করে নিয়েছে!” ল্যাপটপ-আইফোন বাজেয়াপ্ত হতেই মোদী-শাহকে তোপ মমতার

বৃহস্পতিবার সাতসকালে সল্টলেক সেক্টর ফাইভের আইপ্যাক (I-PAC) অফিসে ইডির অতর্কিত অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। কয়লা মামলার পুরনো সূত্র ধরে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার ১১ তলার দপ্তরে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। খবর পেয়েই সেখানে সশরীরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এটি স্রেফ তল্লাশি নয়, বরং তৃণমূলের অন্দরের গোপন নির্বাচনী রণকৌশল এবং ডেটা হাতানোর একটি রাজনৈতিক চক্রান্ত।

অভিযান চলাকালীন প্রায় ৪৫ মিনিট অফিসের ভেতরে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, “ভোর রাত থেকে তল্লাশি চলছে। আইপ্যাক আমাদের ভোটকুশলী সংস্থা। ল্যাপটপ, আইফোন থেকে শুরু করে দলের যাবতীয় ডেটা, স্ট্র্যাটেজি এবং প্রার্থী তালিকা— সব ফরেন্সিক টিম দিয়ে ট্রান্সফার করে নেওয়া হয়েছে। সব টেবিল ফাঁকা করে দেওয়া হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন যে, অমর্ত্য সেন বা জয় গোস্বামীর মতো ব্যক্তিত্বদের পাঠানো এসআইআর (SIR) সংক্রান্ত নথিও ইডি হাতিয়ে নিয়েছে।

এদিন সল্টলেকের অফিসের বাইরে পরিস্থিতি ছিল অগ্নিগর্ভ। একদিকে কেন্দ্রীয় বাহিনী ও সিআরপিএফ এলাকা ঘিরে রাখে, অন্যদিকে পাল্টা পৌঁছে যায় রাজ্য পুলিশের র‌্যাফ (RAF)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে মমতা হুঁশিয়ারি দেন, “জেতার স্ট্র্যাটেজি ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। টাকা আর পেশী শক্তি দিয়ে সব দখল করতে চাইছে ওরা। কিন্তু এই ইডি হানার পর আপনাদের আসন সংখ্যা শূন্য হয়ে যাবে!”