মার্চেই অর্জুনের বিয়ের সানাই! সচিনের পুত্রবধূ কে এই সানিয়া? বয়সের ব্যবধানেও চমক

ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের পরিবারে এখন খুশির হাওয়া। দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে অবশেষে প্রকাশ্যে এল সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ। আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্ধোকের সঙ্গে চার হাত এক হতে চলেছে অর্জুনের। মুম্বইয়ের এক অভিজাত ভেন্যুতে বসবে এই রাজকীয় বিয়ের আসর।

কে এই সানিয়া চান্ধোক? সচিনের পুত্রবধূ সানিয়া মুম্বইয়ের প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান। তিনি প্রখ্যাত শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি, যাঁদের পরিবার ‘বাস্কিন রবিন্স’-এর মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ব্যবসার সঙ্গে যুক্ত। সানিয়া নিজে একজন পেশাদার পশু চিকিৎসক (Veterinary Doctor) এবং পোষ্যদের জন্য একটি লাক্সারি স্পা চালান। অর্জুন ও সানিয়া ছোটবেলার বন্ধু, সেই বন্ধুত্বই প্রেমে রূপ নেয় এবং গত বছরের আগস্ট মাসে তাঁদের বাগদান সম্পন্ন হয়।

মা অঞ্জলির পথেই অর্জুন: সচিন ঘরণী অঞ্জলি তেন্ডুলকর সচিনের চেয়ে বয়সে বড়। মজার বিষয় হলো, অর্জুনও সেই একই ধারা বজায় রেখেছেন। ২৬ বছর বয়সী অর্জুনের চেয়ে সানিয়া বয়সে প্রায় ১৫ মাসের বড়। ছেলের এই নতুন ইনিংস নিয়ে উচ্ছ্বসিত সচিনও। তেন্ডুলকর পরিবার সূত্রে খবর, ৩রা মার্চ থেকে মেহেন্দি ও সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে এবং ৭ই মার্চ হবে গ্র্যান্ড রিসেপশন, যেখানে ক্রিকেট ও বিনোদন জগতের মহাতারকারা উপস্থিত থাকবেন।

বর্তমানে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা অর্জুন আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের (LSG) জার্সিতে মাঠ কাঁপাতে তৈরি। তবে তার আগেই জীবনের পিচে নতুন সেঞ্চুরি করতে চলেছেন তিনি।