সরকারি লোগো নেই, অথচ একাধিক ফাইল রাখা, WB 06 Y 5555 গাড়িটি কার?

আইপ্যাক (I-PAC) প্রধান প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি হানা ঘিরে যখন সরগরম রাজ্য রাজনীতি, ঠিক তখনই সকলের নজর কেড়ে নিল একটি বিশেষ গাড়ি। নম্বর— WB06Y5555। এই গাড়িটি ঘিরেই দানা বেঁধেছে রহস্য। কারণ, এই গাড়ির পিছনের আসনেই সল্টলেকের আইপ্যাক অফিস থেকে বের করা নথিপত্র এবং ফাইলের গোছা রাখতে দেখা গেছে পুলিশ কর্মীদের। প্রশ্ন উঠেছিল, কেন্দ্রীয় এজেন্সির নজর এড়িয়ে সরকারি পুলিশি পাহারায় ফাইল সরানো এই গাড়িটি আসলে কার?
গাড়ির কুণ্ডলী কী বলছে? খোঁজ নিয়ে জানা গেছে, ডিজেল চালিত এই গাড়িটির বয়স মাত্র ২ বছর ১০ মাস। এম-পরিবহণ (M-Parivahan) অ্যাপের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৭ নভেম্বর গাড়িটির রেজিস্ট্রেশন করানো হয়েছিল। সূত্রের খবর, সাদা রঙের এই গাড়িটি আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের একটি অংশ। যদিও গাড়িটিতে কোনও সরকারি লোগো বা নীল বাতি নেই, যা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল সাধারণ মানুষের মনে।
তৎপরতায় পুলিশ কমিশনার ও ডিজি: বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৪ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সল্টলেকের সেক্টর ফাইভের আইপ্যাক দফতরে পৌঁছান, তখন গোটা এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। ১টা ২৩ মিনিট পর্যন্ত মমতা সেই দফতরেই ছিলেন এবং তাঁর উপস্থিতিতেই পুলিশ কর্মীরা দ্রুততার সঙ্গে ফাইলের গোছা বের করে WB06Y5555 নম্বর প্লেট লাগানো ওই গাড়িতে লোড করেন।
বিরোধীরা ইতিমধ্য়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে, আইপ্যাকের অফিসে এমন কী ‘প্রাণভোমরা’ বা গোপন নথি ছিল যা উদ্ধার করতে খোদ মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সশরীরে হাজির হতে হলো? কেনই বা ইডি-র তল্লাশি চলাকালীন কোনও বেসরকারি সংস্থার নথিপত্র সরকারি কনভয়ের গাড়িতে করে সরানো হলো? এই ঘটনা কেন্দ্র-রাজ্য সংঘাতকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে।