দীপিকার সঙ্গে বিয়ের প্রস্তুতির মাঝেই ‘পাগল’ হওয়ার ভয়! কেন ‘পদ্মাবত’ ফিরিয়ে দিয়েছিলেন রণবীর?

সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খিলজি চরিত্রটি রণবীর সিংয়ের কেরিয়ারকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। রণবীরের সেই বিধ্বংসী অভিনয় আজও দর্শকদের চোখে ভাসে। কিন্তু জানলে অবাক হবেন, পর্দার এই দুর্ধর্ষ খিলজি আদতে এই চরিত্রটি করতেই চাননি! বনশালির প্রস্তাব পাওয়ার পর সরাসরি ‘না’ বলে দিয়েছিলেন রণবীর। কিন্তু শেষ পর্যন্ত কোন জাদুমন্ত্রে মত বদলালেন অভিনেতা? সম্প্রতি ফাঁস হলো সেই নেপথ্য কাহিনী।

বিয়ের আনন্দ না কি খিলজির অন্ধকার? রণবীর সিং জানান, যখন ‘পদ্মাবত’-এর প্রস্তাব আসে, তখন তাঁর ব্যক্তিগত জীবন ছিল বর্ণময়। দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর বিয়ের প্রস্তুতি চলছিল পুরোদমে। অভিনেতা বলেন, “আমি তখন খুব খুশি ছিলাম। কিন্তু খিলজির চরিত্রটি ছিল প্রচণ্ড অন্ধকার। আমার মনে হয়েছিল, এই চরিত্রে ঢুকলে আমি হয়তো এমন এক গর্তে তলিয়ে যাব যেখান থেকে ফেরা অসম্ভব। খিলজি হয়ে উঠতে গিয়ে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম।” এটি ছিল রণবীরের কেরিয়ারের প্রথম নেতিবাচক বা ‘গ্রে শেড’ চরিত্র, তাই ঝুঁকি নিতে ভয় পাচ্ছিলেন তিনি।

বনশালির রুদ্রমূর্তি: রণবীরের এই দ্বিধা দেখে প্রচণ্ড বিরক্ত হন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। রণবীর তখন বারান্দায় বসে আরাম করে মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছিলেন। রণবীরের মুখে ‘না’ শুনে মেজাজ হারান বনশালি। রাগে হাতের তোয়ালেটি সজোরে রণবীরের খাবারের প্লেটে ছুঁড়ে মারেন তিনি। এরপরই চিৎকার করে বনশালি বলেন, “মাই চাইল্ড, তুমি কি এমন একটা চরিত্রে কাজ করতে চাও না, যার ৭৫ কেজির গাট (Guts) রয়েছে?” পরিচালকের এই একটি কথা তীরের মতো বিঁধেছিল রণবীরের মনে। তিনি বুঝতে পারেন, এই সুযোগ হারালে বড় ভুল করবেন।

বাকিটা আজ ইতিহাস। শাহিদ কাপুরের মতো শক্তিশালী অভিনেতাকে ছাপিয়ে গিয়ে ‘পদ্মাবত’-এ খিলজি হিসেবে আইকনিক হয়ে ওঠেন রণবীর।