ভোটের ময়দানে এআই ম্যাজিক: শিবসেনায় হাল্ক আর বিজেপির সৈনিক টনি স্টার্ক, চমক দিচ্ছে মুম্বাই

আগামী ১৫ জানুয়ারি মুম্বাইয়ের ভাগ্য নির্ধারণ। কিন্তু তার আগে নির্বাচনী প্রচারে নজর কেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর ব্যবহার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, মার্ভেলের চরিত্ররা মুম্বাইয়ের বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রচার চালাচ্ছেন। সবথেকে বড় চমক দেখা গিয়েছে যখন মার্ভেলের কাল্পনিক খলনায়ক থানোসকে (Thanos) কংগ্রেসের প্রার্থী হিসেবে উপস্থাপন করা হয়। ভিডিওতে থানোসকে বলতে শোনা যাচ্ছে, “আমি মুম্বাই কর্পোরেশনের দুর্নীতি বন্ধ করতে চাই।”

পিছিয়ে নেই বিজেপিও। তাদের হয়ে ময়দানে নেমেছেন স্বয়ং আয়রন ম্যান ওরফে টনি স্টার্ক (Tony Stark)। এআই ভিডিওতে টনি স্টার্ক নিজেকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করে বলছেন, “থানোস মুম্বাইয়ের জন্য হুমকি, তাই আমি দেশের সেবায় বিজেপি থেকে লড়ব।” অন্যদিকে, শিবসেনার শিবিরে যোগ দিয়েছেন সবুজ দানব ‘হাল্ক’ (Hulk)। দলের শক্তির প্রতীক হিসেবে হাল্ককে মুম্বাই ও মহারাষ্ট্রের সেবায় নিয়োজিত হতে দেখা যাচ্ছে। সুপারহিরোদের এই ‘পলিটিক্যাল অবতার’ এখন মুম্বাইয়ের গলি থেকে সোশ্যাল মিডিয়া— সর্বত্র চর্চার কেন্দ্রবিন্দু।