চিকিৎসক নিয়োগেও জালিয়াতি? ১৭ জন পরীক্ষার্থীর পদবী নিয়ে সন্দেহ, তদন্তে নামছে রাজ্য

রাজ্যের সরকারি হাসপাতালে ‘জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার’ (GDMO) পদে নিয়োগের পরীক্ষা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ২-২.৫ হাজার প্রার্থীর মেধা তালিকায় এমন ১৭ জনের নাম পাওয়া গিয়েছে, যাদের পদবী তফশিলি উপজাতি (ST) ভুক্ত নয় বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি।
সমিতির অভিযোগ, এই প্রার্থীরা নিজেদের তফশিলি উপজাতি বলে পরিচয় দিয়ে কোটার সুবিধে নিয়েছেন, যা আদতে প্রকৃত আদিবাসী প্রার্থীদের বঞ্চিত করার চক্রান্ত। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরে লিখিত অভিযোগ জমা পড়েছে। আদিবাসী উন্নয়ন দফতর এই অভিযোগকে গুরুত্ব দিয়ে সচিব স্তরের তদন্তের নির্দেশ দিয়েছে এবং দ্রুত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ তলব করেছে।
হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান সুদীপ্ত রায় এই মুহূর্তে মন্তব্য করতে না চাইলেও, বোর্ড সূত্রে জানানো হয়েছে যে চূড়ান্ত নিয়োগের আগে সমস্ত শংসাপত্র ও নথি খুঁটিয়ে যাচাই করা হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষত যখন এখনো টাটকা, তখন চিকিৎসক নিয়োগে এই বেনিয়মের অভিযোগ নতুন করে অস্বস্তি বাড়াল প্রশাসনের।