নিউটাউনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, কাঁচ ভেঙে উদ্ধারকাজ দমকলের

বৃহস্পতিবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল নিউটাউনের আবাসিক এলাকা। নিউটাউনের পরিচিত ‘সিনার্জি বিল্ডিং’-এ আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ৭টা নাগাদ আচমকাই ওই বহুতলের ওপরের তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন বাসিন্দারা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
দমকল বাহিনী সূত্রে জানা গিয়েছে, আগুনের সূত্রপাত হয় বিল্ডিংয়ের পঞ্চম এবং ষষ্ঠ তলা থেকে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে নিচের তলাগুলিতেও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। বহুতলটি কাঁচ দিয়ে ঘেরা হওয়ায় এবং ওপরের তলায় আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের রীতিমতো হিমশিম খেতে হয়। শেষ পর্যন্ত বিল্ডিংয়ের কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করেন কর্মীরা এবং যুদ্ধকালীন তৎপরতায় জল দেওয়ার কাজ শুরু হয়। ঝোড়ো হাওয়ার কারণে আগুন পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল, যা সামাল দিতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের।
বিপদের মাত্রা বাড়িয়েছে বহুতলের ঠিক পাশেই থাকা একটি বড় ইলেকট্রিক ট্রান্সফর্মার। আগুনের শিখা ট্রান্সফর্মার পর্যন্ত পৌঁছে গেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি। তবে সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর না মিললেও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা থামছেই না। এই ঘটনার ঠিক আগের দিন, বুধবার সন্ধ্যায় আনন্দপুরের নোনাডাঙা বস্তি সংলগ্ন এলাকায় বড়সড় আগুন লাগে। সেখানেও দমকলের ৬টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নোনাডাঙার রেশ কাটতে না কাটতেই নিউটাউনের এই অগ্নিকাণ্ড শহরের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।