জাতীয় স্তরের শুটারকে হোটেলে ডেকে যৌন হেনস্থা! অভিযুক্ত খোদ কোচের বিরুদ্ধে চাঞ্চল্যকর পদক্ষেপ!

ক্রীড়াজগতে ফের একবার কলঙ্কিত অধ্যায়! হরিয়ানার ফরিদাবাদে ১৭ বছর বয়সী এক জাতীয় স্তরের নাবালিকা শুটারকে যৌন হেনস্থার অভিযোগে উত্তাল জাতীয় ক্রীড়ামহল। কাঠগড়ায় খোদ জাতীয় শুটিং কোচ অঙ্কুশ ভরদ্বাজ। ঘটনার গুরুত্ব বিচার করে হরিয়ানা পুলিশ ইতিমধ্য়েই অভিযুক্ত কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।
বিশ্লেষণের নামে হোটেলে ডেকে নিগ্রহ? পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ১৬ ডিসেম্বর। দক্ষিণ দিল্লির ড. কর্ণি সিং শুটিং রেঞ্জে আয়োজিত একটি জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, প্রতিযোগিতার পর পারফরম্যান্স বিশ্লেষণের অজুহাতে অভিযুক্ত কোচ অঙ্কুশ নাবালিকাকে ফরিদাবাদের সূরজকুণ্ড এলাকার একটি হোটেলে ডাকেন। প্রথমে হোটেলের লবিতে দেখা করার কথা থাকলেও, কোচ জোরপূর্বক নাবালিকাকে নিজের ঘরে নিয়ে যান এবং সেখানেই যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ।
মুখ খুললে খুনের হুমকি: এফআইআরে নির্যাতিতা আরও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তাঁর দাবি, ঘটনাটি কাউকে জানালে তাঁর শুটিং কেরিয়ার ধ্বংস করে দেওয়া এবং তাঁর পরিবারের ক্ষতি করার হুমকিও দিয়েছিলেন অভিযুক্ত কোচ। ভয় কাটিয়ে শেষ পর্যন্ত নির্যাতিতার মা এনআইটি ফরিদাবাদের মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশি পদক্ষেপ ও কড়া আইন: অভিযুক্ত অঙ্কুশ ভরদ্বাজের বিরুদ্ধে পকসো (POCSO) আইনের ৬ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। ফরিদাবাদ পুলিশের জনসংযোগ আধিকারিক যশপাল যাদব জানিয়েছেন, “ঘটনার দিনের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে নাবালিকার অভিযোগের সত্যতা যাচাই করা যায়।” ইতিমধ্য়েই পুলিশের একাধিক ফরেনসিক ও ইলেকট্রনিক দল সিসিটিভি ফুটেজ এবং কল ডিটেইল রেকর্ড (CDR) খতিয়ে দেখতে শুরু করেছে।
বরখাস্ত অভিযুক্ত কোচ: এই কলঙ্কজনক ঘটনা সামনে আসতেই কড়া অবস্থান নিয়েছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (NRAI)। সংস্থার সেক্রেটারি জেনারেল পবন কুমার সিং জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অঙ্কুশ ভরদ্বাজকে সমস্ত দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রমাণ সংগ্রহের কাজ শেষ হলেই অভিযুক্তকে দ্রুত জিজ্ঞাসাবাদ ও গ্রেফতারের প্রক্রিয়া শুরু হবে।