“ডিএ আপনার হক, আপনারা জিতবেনই!” সুপ্রিম কোর্টের রায়ের আগেই সরকারি কর্মীদের বড় বার্তা শুভেন্দুর

২০২৬ সাল শুরু হয়ে গেলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়ে অনিশ্চয়তা কাটছে না। একদিকে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা, অন্যদিকে গত ৩১ ডিসেম্বর ২০২৫-এ শেষ হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ। এই চরম হতাশাজনক পরিস্থিতির মাঝেই বারাসতের ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ থেকে সরকারি কর্মীদের বড় আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “সুপ্রিম কোর্টে মামলা চলছে, আপনারা জিতবেনই। ডিএ কোনো দান খয়রাতি নয়, এটা আপনাদের অধিকার।” তিনি ফের একবার ঘোষণা করেন যে, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন সরকারি কর্মী, শিক্ষক ও পেনশনভোগীরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, যেখানে রাজ্যের কর্মীরা পড়ে রয়েছেন মাত্র ১৮ শতাংশে। এই ৪০ শতাংশের বিশাল ফারাক এবং কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের ঘোষণা—সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ এখন তুঙ্গে।

আগামী এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ড্যামেজ কন্ট্রোল করতে নবান্ন ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে বলে জল্পনা তুঙ্গে। তবে সরকারি কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক স্পষ্ট জানিয়েছেন, ভোটের আগে যৎসামান্য ডিএ বৃদ্ধিতে কর্মীরা সন্তুষ্ট হবেন না। নির্বাচনের মুখে ডিএ ইস্যু যে শাসকদলের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে, শুভেন্দুর রবিবারের মন্তব্য তা আরও স্পষ্ট করে দিল।