ভেনেজুয়েলায় মার্কিন হামলা, সোনা-রুপোর আকাশছোঁয়া দাম, আর কত বাড়বে?

বিশ্ব বাজারে যেন আগুন লেগেছে! ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের খবর চাউর হতেই বিশ্ব অর্থনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে সোনা ও রুপোর দামে। দু’দিনের ব্যবধানে সোনার দাম বেড়েছে ২,৪০০ টাকারও বেশি, আর রুপো তো রীতিমতো ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। মাত্র ৪৮ ঘণ্টায় রুপোর দাম বেড়েছে ১৪,০০০ টাকারও বেশি!
বর্তমান বাজার দর এক নজরে:
-
সোনা: প্রতি ১০ গ্রামে ৪০০ টাকা বেড়ে আজকের দাম দাঁড়িয়েছে ১,৩৮,৫৩৬ টাকা।
-
রুপো: প্রতি কেজিতে ৪,২৪৭ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছে ২,৫০,৪০২ টাকা।
ভেনেজুয়েলা সংযোগ ও ভূ-রাজনৈতিক অস্থিরতা: মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকার হাতে বন্দি করার পর থেকেই বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়েছে। শুধু ভেনেজুয়েলাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়া, কিউবা এবং মেক্সিকোকেও হুমকি দেওয়ায় বিনিয়োগকারীরা আতঙ্কিত। বিশেষজ্ঞরা বলছেন, যখনই বিশ্ব রাজনীতিতে অনিশ্চয়তা দেখা দেয়, বিনিয়োগকারীরা শেয়ার বাজার ছেড়ে ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে সোনা ও রুপোর দিকে ঝুঁকে পড়েন। বিদেশি সম্পদ জব্দ করার খবর এই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।
মূল্যবৃদ্ধির ‘আসল’ কারণ কী? বিশেষজ্ঞ পোনমুডি আর.-এর মতে, সোনার এই বাড়বাড়ন্ত শুধুমাত্র ভেনেজুয়েলা সংকটের কারণে নয়, বরং এর পিছনে কিছু কাঠামোগত কারণ রয়েছে:
-
সেন্ট্রাল ব্যাঙ্কের পদক্ষেপ: বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো লাগাতার সোনা মজুত করছে।
-
নীতি শিথিলকরণ: বিদেশি কেন্দ্রীয় নীতি শিথিল হওয়ার প্রত্যাশায় পোর্টফোলিওতে ঝুঁকি কমাতে সোনা কেনা বাড়ছে।
-
শিল্পে রুপোর চাহিদা: রুপোর দাম বাড়ার পিছনে রয়েছে আধুনিক প্রযুক্তি। সৌরশক্তি, বৈদ্যুতিক যানবাহন (EV) এবং এআই (AI) পরিকাঠামোয় রুপোর বিপুল চাহিদা এই ধাতুর দামকে আড়াই লাখের ঘরে পৌঁছে দিয়েছে।
বাজার বিশেষজ্ঞদের দাবি, যতক্ষণ পর্যন্ত বিশ্ব রাজনীতিতে অস্থিরতা এবং আর্থিক অনিশ্চয়তা বজায় থাকবে, ততক্ষণ সোনা ও রুপোর এই জয়যাত্রা থামার সম্ভাবনা কম।