ভোটের আগেই বাড়ছে ভাতার পরিমাণ? লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট নিয়ে খুশির খবর শোনাল নবান্ন

রাজ্যের কয়েক কোটি মহিলার জন্য বছরের শুরুতেই এল খুশির খবর। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে চর্চা যখন তুঙ্গে, তখনই জানুয়ারির ভাতার টাকা নিয়ে এল বড় আপডেট। ইতিমধ্যেই ট্রেজারি থেকে বিল পাশ হয়ে পেমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নবান্ন সূত্রে খবর, ৮ই জানুয়ারির মধ্যেই অধিকাংশ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

বিপুল সংখ্যক উপভোক্তার স্ট্যাটাস চেক করে দেখা যাচ্ছে, সেখানে ‘Payment Under Process’ লেখাটি ফুটে উঠেছে। এর অর্থ হলো, টাকা পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এবং খুব শীঘ্রই তা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে জমা পড়বে। সোমবার থেকেই ধাপে ধাপে টাকা ঢোকার কাজ শুরু হয়েছে। যাদের এখনও আসেনি, প্রযুক্তিগত কোনো সমস্যা না থাকলে আগামী ১০ই জানুয়ারির মধ্যে তাঁরা অবশ্যই টাকা পেয়ে যাবেন।

উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলারা ১২০০ টাকা করে পান। সম্প্রতি বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে যে ভোটের আগে এই ভাতার পরিমাণ আরও বাড়ানো হতে পারে। যদিও সরকারিভাবে এখনও কোনো ঘোষণা করা হয়নি, তবে জানুয়ারির টাকা সময়মতো ঢোকায় স্বস্তিতে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। যারা নতুন আবেদন করেছেন, তারা পোর্টালে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করে নিতে পারেন।