থামছেন না কিম জং উন, ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূল অভিমুখে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। আমেরিকা যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে পিয়ংইয়ং-এর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হয়েছে তখন এ দাবি করলো সিউল।
দক্ষিণ কোরিয়ার এ দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে তা হবে চলতি বছর উত্তর কোরিয়ার ১৪তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। গত সপ্তাহে পিয়ংইয়ং ঘোষণা করেছিল, দেশটি ‘সম্ভাব্য সর্বোচ্চ গতিতে’ তার পরমাণু শক্তির বিকাশ ঘটাতে চায়।

বুধবার দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার যে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা বলেছে সেটি কতটা উচ্চতায় উঠেছিল এবং কত দূরে গিয়ে পড়েছে সেকথা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।তবে জাপানি কোস্ট গার্ড এটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করেছে।

দক্ষিণ কোরিয়ার নব-নির্বাচিত রক্ষণশীল প্রেসিডেন্ট ইউন সুক-ইয়েয়োল যখন ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তখন এ খবর প্রকাশিত হলো।

সম্প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ত্র সক্ষমতা বাড়ানো থেকে বিরত না থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি গত শনিবার বলেছেন, আমরা দ্রুতগতিতে পারমাণবিক ক্ষমতা জোরদার ও বিকাশের জন্য পদক্ষেপ অব্যাহত রাখব।

উত্তর কোরিয়ার পারমাণবিক বাহিনী যে কোনো সময় অনুশীলনের জন্য অবশ্যই প্রস্তুত থাকবে বলেও জানিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সামরিক মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম প্রদর্শন করা হয় এবং সেখানে এ বক্তব্য দেন কিম জং-উন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *