৫ টাকার পান মশলায় ৪ লাখের জাফরান? বিপাকে সলমন খান, সশরীরে কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ!

বলিউড সুপারস্টার সলমন খান বড়সড় আইনি গেরোয় ফেঁসেছেন। রাজস্থান কোটার একটি কনজিউমার কোর্ট পান মশলার বিজ্ঞাপন নিয়ে চলা এক মামলায় সলমনকে ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ উঠেছে যে, সলমন খান এবং একটি পান মশলা প্রস্তুতকারী সংস্থা জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।
পুরো বিতর্কের মূলে রয়েছে ‘কেসর’ বা জাফরান। কোটার আইনজীবী ইন্দ্র মোহন সিং হানি অভিযোগ করেছেন, রাজশ্রী পান মশলার বিজ্ঞাপনে দাবি করা হয় এটি জাফরান যুক্ত। অথচ বাজারে খাঁটি জাফরানের দাম কেজি প্রতি প্রায় ৪ লক্ষ টাকা। মাত্র ৫ টাকার একটি পান মশলার প্যাকেটে কীভাবে খাঁটি জাফরান থাকা সম্ভব, সেই প্রশ্নই তুলেছেন তিনি। এই বিজ্ঞাপনের মাধ্যমে যুব সমাজকে বিভ্রান্ত করে মরণব্যাধি ক্যানসারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগে জানানো হয়েছে।
মামলাটি আরও জটিল হয়ে ওঠে যখন সলমন খানের জমা দেওয়া নথিতে তাঁর স্বাক্ষরের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগকারীর দাবি, আদালতে জমা দেওয়া ‘পাওয়ার অফ অ্যাটর্নি’-তে যে সই রয়েছে, তা যোধপুর জেল বা পূর্ববর্তী আদালতের নথিতে থাকা সলমনের আসল স্বাক্ষরের সঙ্গে মিলছে না। অর্থাৎ, আদালতে ভুয়ো নথি পেশ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ওই স্বাক্ষরের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছে। আগামী ২০ জানুয়ারি সলমন খানকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে।