বাংলাদেশে ফের অশান্তি! জেমসের কনসার্টে উন্মত্ত ভিড়ের তাণ্ডব, রক্ত ঝরল ২০ ছাত্রের।

বাংলাদেশের প্রখ্যাত রক সংগীতশিল্পী জেমসের (নগর বাউল) কনসার্ট চলাকালীন ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ‘বহিরাগত’ একদল দুষ্কৃতী আচমকা হামলা চালায়। এর ফলে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার রাত ৯টা নাগাদ একদল লোক জোর করে অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করলে বাধা দেন আয়োজকরা। এরপরেই শুরু হয় নারকীয় তাণ্ডব।
মঞ্চ লক্ষ্য করে মুহুর্মুহু ইট-পাথর ছুড়তে থাকে হামলাকারীরা। এই হামলায় ১৫ থেকে ২০ জন স্কুলছাত্রসহ অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ফরিদপুরের জেলা প্রশাসকের নির্দেশে রাত ১০টায় জেমসের পারফরম্যান্স বাতিল ঘোষণা করা হয়। আয়োজক কমিটির অন্যতম সদস্য রাজিবুল হাসান খান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সব প্রস্তুতি ছিল, কিন্তু কেন বা কারা এই হামলা চালাল তা এখনও রহস্যজনক।”
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই লেখিকা তসলিমা নাসরিন ওপারে সাংস্কৃতিক অসহিষ্ণুতার চিত্রটি তুলে ধরেছেন। তিনি জানান, একই দিনে নিরাপত্তার অভাব বোধ করে মাইহার ঘরানার প্রখ্যাত শিল্পী সিরাজ আলী খান ঢাকায় অনুষ্ঠান না করেই ভারতে ফিরে এসেছেন। এমনকি ওস্তাদ রশিদ খানের পুত্র আরমান খানও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ‘অনিরাপদ’ বলে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশের এই অস্থিরতা ও সাংস্কৃতিক পীঠস্থানগুলোতে ক্রমাগত হামলা ওপার বাংলার শিল্প মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।