রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে সেরার শিরোপা, ১৪-র বৈভবের মুকুটে এবার ‘রাষ্ট্রীয় বাল পুরস্কার’!

বয়স মাত্র ১৪, কিন্তু তার ব্যাটের ধার বড় বড় বোলারদের রাতের ঘুম উড়িয়ে দিতে যথেষ্ট। বিহারের সেই ক্রিকেট বিস্ময় বৈভব সূর্যবংশীর মুকুটে এবার জুড়ল এক অনন্য পালক। শুক্রবার ভারতের ছোটদের সর্বোচ্চ সম্মান ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’-এ ভূষিত হল এই কিশোর তুর্কি। দিল্লির এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করে বৈভব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল রাজধানী। বৈভব ও অন্যান্য কৃতিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ভবিষ্যতের কারিগরদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন তিনি। বৈভবের ক্রিকেট প্রতিভায় মুগ্ধ প্রধানমন্ত্রী তাকে আগামী দিনে দেশের জার্সিতে আরও বড় সাফল্যের জন্য বিশেষ উৎসাহ দেন। এই বিশেষ সম্মানের জন্য বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচের পরেই রাজধানীতে পাড়ি দিয়েছিল এই খুদে ওপেনার।

উল্লেখ্য, আইপিএল-এর মেগা নিলামে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে নাম লিখিয়ে আগেই ইতিহাস গড়েছিল বৈভব। এবার ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জাতীয় স্তরেও মিলল বড় স্বীকৃতি। সাহসীকতা, বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে যারা দেশের নাম উজ্জ্বল করছে, তাদেরই প্রতি বছর এই সম্মানে ভূষিত করা হয়। বৈভবের এই সাফল্য কেবল বিহার নয়, গোটা ভারতের উদীয়মান খেলোয়াড়দের কাছে এক বড় অনুপ্রেরণা।

Dipak Barman01
  • Dipak Barman01