মৃত্যুমুখ থেকে ২২ গজে! আইসিইউ থেকে সরাসরি টিম ইন্ডিয়ায় ফিরছেন শ্রেয়স আইয়ার?

জীবন-মৃত্যুর লড়াই জিতে আবারও কি জাতীয় দলের জার্সিতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে? ভারতীয় ক্রিকেট মহলে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাচ নিতে গিয়ে পাঁজরের হাড় ভাঙা থেকে শুরু করে প্লীহায় গুরুতর আঘাত—দীর্ঘদিন আইসিইউ-তে যমে-মানুষে টানাটানির পর অবশেষে রূপকথার প্রত্যাবর্তনের অপেক্ষায় এই তারকা ব্যাটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ঘরোয়া ওয়ানডে সিরিজে শ্রেয়সের দলে ফেরার সম্ভাবনা এখন প্রবল।

বর্তমানে বেঙ্গালুরুর ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ রিহ্যাব চললেও শ্রেয়সের ব্যাটিং প্র্যাকটিস নির্বাচকদের স্বস্তি দিচ্ছে। বিসিসিআই সূত্রের খবর, কোনো অস্বস্তি ছাড়াই টানা এক ঘণ্টা ব্যাটিং করেছেন তিনি। জিম ট্রেনিং থেকে ইনটেন্স ওয়ার্কআউট—সবই চলছে পুরোদমে। অথচ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছিল যে, চোটের কারণে হয়তো আসন্ন আইপিএল থেকেও ছিটকে যেতে পারেন তিনি। কিন্তু মাঠের ছবি বলছে অন্য কথা। কোনো ব্যথা বা জটিলতা ছাড়াই তিনি নিজেকে ফিট করে তুলছেন।

জানা গেছে, ২ বা ৩ জানুয়ারি নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করতে পারে বিসিসিআই। শ্রেয়সের বর্তমান শারীরিক অবস্থার ওপর এনসিএ-র চূড়ান্ত রিপোর্টের জন্যই মূলত দল ঘোষণায় দেরি করা হচ্ছে। নির্বাচকরা চাইছেন সহ-অধিনায়ককে পূর্ণ ফিট অবস্থায় ফিরে পেতে। জাতীয় দলে ফেরার আগে নিজেকে ঝালিয়ে নিতে বিজয় হাজারে ট্রফিতেও নামতে পারেন তিনি। সব ঠিক থাকলে, ভয়ংকর সেই চোট কাটিয়ে আবারও নীল জার্সিতে দাপট দেখাতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে।