মাত্র ৫ টাকায় পেটভর্তি খাবার! দিল্লিতে বড় উপহার সরকারের, অটল ক্যান্টিনে কী কী থাকছে মেনুতে?

দিল্লির সাধারণ মানুষ ও শ্রমজীবী শ্রেণির জন্য বড় স্বস্তির খবর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীতে পথ চলা শুরু করল ‘অটল ক্যান্টিন’। এখন থেকে মাত্র ৫ টাকার বিনিময়ে পুষ্টিকর ও উন্নতমানের থালি পাবেন সাধারণ মানুষ। বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করে প্রথম পর্যায়ে ১০০টি ক্যান্টিনের মধ্যে ৪৫টি আজ উদ্বোধন করা হয়েছে।

থালিতে কী কী থাকছে? পুষ্টির কথা মাথায় রেখে তৈরি এই ৫ টাকার থালিতে থাকছে ১০০ গ্রাম ভাত, ৩০০ গ্রাম রুটি, ১০০ গ্রাম সবজি, ১০০ গ্রাম ডাল এবং সুস্বাদু আচার। যদিও এক প্লেট খাবারের আসল খরচ ধরা হয়েছে ৩০ টাকা, কিন্তু দিল্লি সরকার প্রতিটি প্লেটে ২৫ টাকা ভর্তুকি দেবে। এর ফলে প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষরা মাত্র ৫ টাকায় সসম্মানে পেটভর্তি খাবার পাবেন।

পরিচালনা ও বণ্টন ব্যবস্থা: প্রতিটি ক্যান্টিন থেকে প্রতিদিন দুপুর ও সন্ধ্যায় ৫০০ জনকে খাবার পরিবেশন করা হবে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে এই পরিষেবা দেওয়া হবে। খাবারের মান ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বড় সেন্ট্রাল কিচেনে রান্না করে খাবারগুলো ক্যান্টিনে পৌঁছে দেওয়া হবে। দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড (DUSIB) এই ক্যান্টিনগুলো পরিচালনার দায়িত্বে রয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই প্রকল্পের উদ্বোধন করে বলেন, “GRAP-এর কারণে কাজ কিছুটা থমকে থাকলেও আমরা আজ ৪৫টি ক্যান্টিন খুলছি। বাকি ৫৫টিও খুব দ্রুত চালু হবে। আমাদের লক্ষ্য হলো দরিদ্র মানুষ যেন মর্যাদার সাথে ভালো খাবার খেতে পারেন।” এই উদ্যোগকে সামাজিক সুরক্ষা এবং জনকল্যাণের দিকে একটি বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।