মুলো অপছন্দ? মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলুন এই শাহী ঘণ্ট, স্বাদে হার মানাবে মাছ-মাংসকেও

শীত মানেই বাজারে টাটকা সবজির বাহার। আর এই সময়ের অন্যতম পুষ্টিকর সবজি হলো মুলো। অনেকেরই মুলোর নাম শুনলে নাক কুঁচকে যায় কেবল তার উগ্র গন্ধের জন্য। কিন্তু সঠিক পদ্ধতিতে রান্না করলে এই মুলো দিয়েই তৈরি হতে পারে অমৃত সমান পদ। আবহাওয়ার পরিবর্তনের সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মুলো অত্যন্ত জরুরি। আজ জানুন জিভে জল আনা ‘মুলোর ঘণ্ট’ তৈরির সহজ পদ্ধতি।

উপকরণ: ৫০০ গ্রাম মুলো, ১ কাপ কড়াইশুঁটি, একটি টমেটো, আধ কাপ নারকেল কোরা, সর্ষের তেল, ঘি, চিনি ও নুন পরিমাণমতো। ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা জিরে ও শুকনো লঙ্কা। এছাড়া লাগবে জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং আদা বাটা।

প্রস্তুত প্রণালী: প্রথমে মুলো গ্রেট করে নুন মাখিয়ে রাখুন, কিছুক্ষণ পর জল চিপে বের করে দিন (এতেই উগ্র গন্ধ চলে যাবে)। কড়াইতে তেল গরম করে সব গরম মশলা ও জিরে ফোড়ন দিন। এবার ভাপানো আলু ও কড়াইশুঁটি দিয়ে হালকা ভেজে সব গুঁড়ো মশলা ও আদা বাটা দিয়ে কষিয়ে নিন। এরপর জল ঝরানো মুলো দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। মুলো নিজের জলেই সেদ্ধ হয়ে যাবে। রান্নার শেষে মাখা মাখা হয়ে এলে সামান্য চিনি, ঘি ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে এই পদটি পরিবেশন করলে আপনার পাতের মুলো কখন শেষ হবে বুঝতেই পারবেন না!