১ লাখে ১৬ লাখের রিটার্ন! দুই দশকে রুপোর দামে রেকর্ড ১৫০০% বৃদ্ধি, এখন বিনিয়োগের সঠিক সময়?

বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে, একটি শক্তিশালী পোর্টফোলিওর জন্য ইক্যুইটি ও ঋণের পাশাপাশি মূল্যবান ধাতুতে সম্পদ থাকা জরুরি। বর্তমানে সেই তালিকার শীর্ষে উঠে এসেছে রূপো। গত ২০ বছরে রূপোর দাম যে হারে বেড়েছে, তা অনেক বড় বড় ইনভেস্টমেন্টকেও টেক্কা দিয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ২০০৫ সালের ২৩শে ডিসেম্বর রুপোর কেজি প্রতি দর ছিল মাত্র ১২,৬৫০ টাকা।

হিসাব বলছে, সেই সময় কেউ যদি ১ লক্ষ টাকার রূপো কিনতেন, তবে তিনি পেতেন প্রায় ৭.৯ কেজি। বর্তমান বাজারে সেই রূপোর দাম দাঁড়িয়েছে প্রায় ১৬.৫৭ লক্ষ টাকা! অর্থাৎ গত দুই দশকে এই সাদা ধাতুর মূল্যবৃদ্ধি হয়েছে প্রায় ১৫৫৬.৮%। বর্তমানে রূপোর চাহিদা কেবল গয়নাতে সীমাবদ্ধ নেই; সৌরশক্তি, ডেটা সেন্টার এবং ইলেকট্রিক গাড়ির মতো ‘ক্লিন এনার্জি’ শিল্পে এর ব্যবহার দিন দিন বাড়ছে।

কেডিয়া অ্যাডভাইজরির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে রূপোর দর এমসিএক্স (MCX) মার্কেটে কেজি প্রতি ২.৪৫ লক্ষ থেকে ২.৫০ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। তবে সতর্কবার্তাও রয়েছে— যদি ইটিএফ (ETF) চাহিদা কমে, তবে দামে ২৮% থেকে ৩০% সংশোধন বা পতন হতে পারে। তাই দীর্ঘমেয়াদী লাভের জন্য সুশৃঙ্খলভাবে বিনিয়োগ বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।