মেসির ভারত সফরে ৮৯ কোটির খেল! সিটের জেরায় নেতার আবদারে বিশৃঙ্খলা ও মেসির বিরক্তির বিস্ফোরক তথ্য ফাঁস

লিওনেল মেসির বিতর্কিত ভারত সফর নিয়ে সিট (SIT)-এর জিজ্ঞাসাবাদে একের পর এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন আয়োজক শতদ্রু দত্ত। শুক্রবার রাতের ম্যারাথন জেরায় তিনি দাবি করেন, মেসির এই ইভেন্টের জন্য মোট ৮৯ কোটি টাকা খরচ করা হয়েছিল, যার মধ্যে ১১ কোটি টাকা সরকারকে কর হিসেবে দেওয়া হয়েছে। আয়ের উৎস হিসেবে তিনি জানান, টিকিট বিক্রি থেকে ৩০ কোটি এবং স্পনসরদের থেকে বাকি ৩০ কোটি টাকা সংগৃহীত হয়েছিল।

তবে আর্থিক হিসেবের চেয়েও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইভেন্টের বিশৃঙ্খলা নিয়ে। শতদ্রু দত্তর দাবি, মাঠে মাত্র ১৫০টি গ্রাউন্ড পাস দেওয়ার কথা ছিল। কিন্তু এক ‘প্রভাবশালী’ রাজনৈতিক নেতার অনুরোধে সেই পাসের সংখ্যা তিনগুণ বাড়িয়ে দেওয়া হয়। ফলে মাঠে ধারণক্ষমতার অতিরিক্ত ভিড় তৈরি হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, মাঠে প্রবেশের পর খোদ মেসির গায়ে ও পিঠে বারবার হাত দেয় উন্মত্ত জনতা।

এই ঘটনায় অত্যন্ত বিরক্ত হন বিশ্বজয়ী ফুটবল তারকা। তিনি তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানালে শতদ্রু দত্ত মাইকে অ্যানাউন্স করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পূর্বপরিকল্পিত কোনো ‘ফ্লোচার্ট’ই আর কাজে আসেনি। নিরাপত্তার অভাব বোধ করায় দেড় ঘণ্টার অনুষ্ঠান মাত্র ২০ মিনিটেই শেষ করে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। শতদ্রু দত্তর এই বয়ানের ভিত্তিতে এখন সেই ‘প্রভাবশালী’ নেতার পরিচয় এবং নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে সিট।