‘বিজেপির কথা বিশ্বাস করবেন না’, মোদীর বঙ্গ সফরের মুখে মতুয়া তাস খেলে ময়দানে নামলেন কুণাল ঘোষ

এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হতেই মতুয়া মহলে ছড়িয়ে পড়া তীব্র আতঙ্ক ও সংশয়কে হাতিয়ার করে আসরে নামল তৃণমূল কংগ্রেস। নাগরিকত্ব পাওয়া এবং ভোটার তালিকায় নাম থাকা নিয়ে মতুয়াদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তাকে কেন্দ্র করে বিজেপিকে ফের কাঠগড়ায় তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, সিএএ (CAA) নিয়ে আবেদন করেও এখনও অনেকে নাগরিকত্ব পাননি, যা মতুয়াদের মধ্যে বড় প্রশ্ন তৈরি করেছে।
প্রধানমন্ত্রীর বাংলা সফরের দিনই কুণাল ঘোষ সরব হয়ে বলেন, “বিজেপির মুখের কথায় বিশ্বাস করা উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পশ্চিমবঙ্গ সফরে আসছেন, তা আদতে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।” কুণালের অভিযোগ, সিএএ এবং এসআইআর-এর নামে মতুয়াদের ভুল বুঝিয়ে তাঁদের অস্তিত্বের সংকট তৈরি করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় মতুয়াদের ব্যাপক ক্ষতি করা হয়েছে।
তৃণমূলের দাবি, সিএএ-তে আবেদন করলেই আবেদনকারীকে বিদেশি হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি নিতে হচ্ছে, যা মতুয়াদের শঙ্কিত করে তুলেছে। প্রধানমন্ত্রীর সভার দিনেই তৃণমূলের এই পাল্টা আক্রমণে রাজনৈতিক মহলে নতুন করে মেরুকরণ শুরু হয়েছে। নদিয়ার মতো মতুয়া অধ্যুষিত এলাকায় প্রধানমন্ত্রীর সফরের মুখে কুণাল ঘোষের এই ‘ড্যামেজ কন্ট্রোল’ তত্ত্ব বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।