উৎসবের আমেজে ‘নো ছুটি’! বড়দিন থেকে ২০ জানুয়ারি পর্যন্ত পুলিশকর্মীদের ছুটি বাতিল করল নবান্ন!

সামনেই বড়দিন এবং ইংরেজি নববর্ষ। আলোয় সেজে উঠছে তিলোত্তমা। আর এই উৎসবের মরশুমে আমজনতার আনন্দ যাতে নিরবচ্ছিন্ন থাকে এবং নিরাপত্তায় কোনও খামতি না থাকে, তার জন্য বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। কনস্টেবল থেকে শুরু করে আইজি (IG) বা পুলিশ কমিশনার— উৎসবের দিনগুলিতে ছুটি পাবেন না রাজ্য পুলিশের কোনও স্তরের কর্মীই।

নির্দেশিকায় কী বলা হয়েছে? বৃহস্পতিবার স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা এক বিশেষ নির্দেশিকায় জানানো হয়েছে:

সময়সীমা: আগামী ২৪ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত পুলিশকর্মীদের কোনও ‘রেগুলার লিভ’ বা নিয়মিত ছুটি মঞ্জুর করা হবে না।

কারা আওতাভুক্ত: আইজি, ডিআইজি, এসপি, এসডিপিও থেকে শুরু করে থানার ওসি, আইসি এবং কনস্টেবল— প্রত্যেকেই এই নির্দেশের আওতায় রয়েছেন। বাদ যাচ্ছে না র‍্যাফ (RAF), ইএফআর (EFR), গোর্খা ব্যাটালিয়ন এবং নারায়ণী ব্যাটালিয়নও।

ছুটি বাতিল: যাঁরা বর্তমানে ছুটিতে রয়েছেন, তাঁদেরও আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন এই কঠোর সিদ্ধান্ত? প্রশাসনিক মহলের মতে, সম্প্রতি যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তাতে পুলিশ-প্রশাসনকে প্রবল অস্বস্তিতে পড়তে হয়েছে। সেই অভিজ্ঞাতা থেকে শিক্ষা নিয়েই বড়দিন ও বর্ষবরণের ভিড় সামলাতে কোনও ঝুঁকি নিতে চাইছে না নবান্ন।

পার্ক স্ট্রিট, চিড়িয়াখানা, ইকো পার্কের মতো পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড় সামাল দেওয়া, যান চলাচল নিয়ন্ত্রণ এবং বিশেষ করে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করাই এখন পুলিশের প্রধান চ্যালেঞ্জ। পূর্ণ শক্তি নিয়ে রাস্তায় নেমে কাজ করতেই এই গণ-ছুটি বাতিলের সিদ্ধান্ত।

জরুরি ভিত্তিতে ছাড়: তবে নবান্ন সূত্রে খবর, কেবল অত্যন্ত জরুরি পরিস্থিতি বা বিশেষ ব্যক্তিগত কারণ ছাড়া অন্য কোনও ছুটির আবেদন এই এক মাস গ্রাহ্য করা হবে না।

সাধারণত দুর্গাপুজোর সময় এমন কড়াকড়ি দেখা যায়, তবে এবার শীতের উৎসবেও পুলিশের ওপর এই বাড়তি দায়িত্বের নির্দেশিকা বুঝিয়ে দিচ্ছে যে, শান্তিশৃঙ্খলা রক্ষায় নবান্ন এবার কতটা কঠোর।