“২০০২-এর তালিকায় নাম না থাকলেই যেতে হবে বাংলাদেশ”- SIR আতঙ্কে মৃত্যু বৃদ্ধের?

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা SIR নিয়ে তৈরি হওয়া আতঙ্ক এবার প্রাণ কাড়ল উত্তর দিনাজপুরের এক প্রৌঢ়ের। বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালপোখর ব্লকের কামাত সম্বলপুর এলাকায় অনিল সিং (৬২) নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা এবং দেশছাড়া হওয়ার আশঙ্কা থেকেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।
আতঙ্কের কেন্দ্রে ‘২০০২-এর লিস্ট’
পরিবার সূত্রে জানা গিয়েছে, অনিল সিং ২০০৩ সালে সপরিবারে বাংলাদেশ থেকে ভারতে আসেন। নিয়ম মেনে নথিপত্র তৈরি করে তিনি এ দেশের ভোটার তালিকায় নামও তুলেছিলেন। ২০২৫ সালের বর্তমান ভোটার তালিকায় তাঁর নাম থাকলেও সমস্যার সূত্রপাত হয় পুরনো রেকর্ড নিয়ে। অনিল জানতে পারেন, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই। এরপর থেকেই তিনি গভীর উদ্বেগে ছিলেন।
কথা বলতে বলতেই চিরবিদায়
পরিবারের সদস্যদের দাবি, অনিল কোথাও শুনেছিলেন যে ২০০২ সালের তালিকায় নাম না থাকলে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে স্ত্রী ও মেয়ের সঙ্গে বসে এই SIR এবং তালিকায় নাম ওঠা নিয়েই আলোচনা করছিলেন তিনি। আলোচনার মাঝেই প্রবল উৎকণ্ঠায় অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সরব শাসক দল: তোপ বিজেপিকে
খবর পেয়েই শোকাতপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনীর নামে সাধারণ মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানো হচ্ছে, যার ফলশ্রুতিতে এই ধরনের মর্মান্তিক মৃত্যু ঘটছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত সংলগ্ন উত্তর দিনাজপুরে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। SIR কি সত্যিই সাধারণ মানুষের নাগরিকত্বের অধিকার কেড়ে নেবে, নাকি এটি নিছকই প্রশাসনিক প্রক্রিয়া—এই বিতর্কেই এখন সরগরম জেলা।