শরীরের লোমের ভয়ে কাছে ঘেঁষেন না নারীরা, আর তাতেই ব্যবসা পাতলেন যুবক

শরীর ঢাকা লোমে। ঘনত্ব এতোই বেশি যে, অল্প বয়সে জনসমক্ষে পোষা খুলতে সঙ্কোচ বোধ করতেন। দিনরাত ওয়াক্স করাতেন। তবে সফল হয়নি কোনও চেষ্টাই। যে লোম অল্প বয়সে হীনম্মন্যতা তৈরি করেছিল, সেই লোমকে কাজে লাগিয়েই অর্থ উপার্জন করতে শুরু করলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার এক যুবক।

ঐ যুবক নিজের পরিচয় দেন মিস্টার টেডি বিয়ার নামে। সেই নামেই অনুরাগীদের কাছে পরিচিত তিনি। ইনস্টাগ্রামে টেডি জানিয়েছেন, কৈশোরে লোম নিয়ে লজ্জার শেষ ছিল না তার। নিয়মিত সেই লোম কামিয়ে ফেলতেন। কিন্তু তিন ঘণ্টার মধ্যেই ফের গজিয়ে উঠত লোম। বিষয়টি খারাপ প্রভাব ফেলেছিল সম্পর্কের ক্ষেত্রেও। অধিকাংশ নারীই কটাক্ষ করতেন তাকে। কেউ কেউ তাকে ‘ওয়্যারউলফ’ নামের এক কাল্পনিক জন্তুর সঙ্গেও তুলনা করতেন বলে জানিয়েছেন যুবক।

টেডির দাবি, এক দিন সেই সব কটাক্ষকে ঝেড়ে ফেলে মডেলিং করার সিদ্ধান্ত নেন তিনি। শুরু করেন শরীরচর্চাও। ছবি প্রকাশ করতে থাকেন ইনস্টাগ্রামে। বর্তমানে সেখানে তার অনুরাগীর সংখ্যা প্রায় দেড় লাখ। রোমশ শরীরের পরিচর্যায় কী করতে হয়, তা নিয়ে সচেতনতামূলক প্রচারও শুরু করেছেন। সেই সঙ্গে লোমের যত্নেই তিনি বাজারে এনেছেন হরেক রকমের প্রসাধনীও।

ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, যাদের শরীরে লোমের পরিমাণ বেশি, গরম ও আর্দ্রতায় খুবই কষ্ট হয় তাদের। এই সমস্যা থেকে রেহাই পেতে বিভিন্ন তেল ও সুগন্ধি বিক্রির কথা মাথায় আসে তার।

সূত্র: আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *