গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, তারপর বন্ধুদের নিয়ে গণধর্ষণ! প্রেমিকের কুকীর্তিতে স্তম্ভিত বেঙ্গালুরু

প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে তরুণীকে ফাঁদে ফেলা এবং তারপর বন্ধুদের নিয়ে গণধর্ষণ। বেঙ্গালুরুতে ১৯ বছরের এক ছাত্রীর সঙ্গে ঘটা এই নারকীয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কর্নাটকে। পুলিশ ইতিমধ্য়েই মূল অভিযুক্ত প্রেমিক-সহ তিনজনকে গ্রেফতার করেছে।

সম্পর্কের আড়ালে লুকানো ছিল নীল নকশা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা তরুণীর সঙ্গে গত সাত মাস ধরে জোরপূর্বক সম্পর্কে জড়িয়েছিল বিকাশ নামের এক যুবক। অভিযোগ, সম্পর্কের দোহাই দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতার সময় গোপনে আপত্তিকর ভিডিও রেকর্ড করে রাখে সে। এরপর শুরু হয় আসল ব্ল্যাকমেলিং। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীকে বারংবার নিজের কুপ্রস্তাব মানতে বাধ্য করত বিকাশ।

বন্ধুর বাড়িতেই নারকীয় অত্যাচার ঘটনার দিন বিকাশ ওই ছাত্রীকে তার বন্ধু চেতনের বাড়িতে নিয়ে যায়। সেখানে বিকাশ, প্রশান্ত এবং চেতন— এই তিনজন মিলে তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। ধৃতদের মধ্যে বিকাশ ও প্রশান্ত কলেজ পড়ুয়া এবং চেতন পেশায় ইলেকট্রিশিয়ান। তদন্তে উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য; অভিযুক্ত চেতন বিবাহিত এবং ঘটনার সময় তার স্ত্রী সন্তান প্রসবের জন্য বাপের বাড়িতে ছিলেন। সেই সুযোগকেই কাজে লাগায় এই তিন পাষণ্ড।

তদন্তে বেরিয়ে এল ভয়ংকর তথ্য মাগডি থানার পুলিশ সুপার শ্রীনিবাস গোডয়া জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত বিকাশের মোবাইল ফোনটি খতিয়ে দেখে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। জানা গিয়েছে, কেবলমাত্র এই তরুণীই নয়, আরও একাধিক মহিলার গোপন ভিডিও রেকর্ড করে রেখেছিল বিকাশ। সেই ভিডিও দেখিয়েই অন্যদেরও সে ব্ল্যাকমেল করত বলে প্রাথমিক অনুমান পুলিশের।

পুলিশ ঘটনার গভীরে তদন্ত শুরু করেছে। ধৃতদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।