“পুলিশে মুসলমানদের জন্য ৪০% সংরক্ষণের দাবি”-ভোটের আগে বাংলায় ‘অধিকার যাত্রা’ AIMIM-এর

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে কোমর বেঁধে নামছে আসাদুদ্দিন ওয়েইসির দল ‘এআইএমআইএম’ (AIMIM)। তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ বলে পরিচিত মুসলিম ভোটব্যাঙ্কে থাবা বসাতে শুক্রবার ১৯ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে ‘অধিকার যাত্রা’ শুরু করছে মিম। মালদা ও মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে নিজেদের সংগঠন মজবুত করাই এখন তাদের মূল লক্ষ্য।
পুলিশে ৪০% সংরক্ষণের বিতর্কিত দাবি!
মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সরাসরি তৃণমূল সরকারকে নিশানা করে বড়সড় দাবি তুলেছেন। তাঁর বক্তব্য, “বাংলায় ৪০ শতাংশ মুসলমান জনসংখ্যা থাকলেও সরকারি চাকরিতে তাঁরা বঞ্চিত।” এই বঞ্চনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ পুলিশে মুসলমানদের জন্য ৪০ শতাংশ সংরক্ষণের দাবি তুলেছে মিম। এছাড়াও ইমামদের মাসিক ভাতা ১৫ হাজার টাকা এবং মোয়াজ্জেমদের ১২ হাজার টাকা করার দাবি জানিয়েছে তারা।
ওয়াকফ ইস্যুতে মমতা সরকারকে আক্রমণ
‘অধিকার যাত্রা’র অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল। ইমরান সোলাঙ্কির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ ইস্যুতে দ্বিচারিতা করছেন। তাঁর দাবি, “প্রথমে মানবেন না বললেও পরে কেন্দ্রকে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী, যার ফলে বহু মাদ্রাসা ও মসজিদ অস্তিত্বের সংকটে পড়বে।” তৃণমূল সরকারের এই তথাকথিত ‘মুসলিম বিরোধী’ অবস্থানকেই ভোটারদের কাছে তুলে ধরতে চাইছে ওয়েইসির দল।
লক্ষ্য মালদা-মুর্শিদাবাদ: জানুয়ারিতেই আসছেন ওয়েইসি?
রাজনৈতিক মহলে খবর, মালদা জেলার ১২টি আসনের মধ্যে ১০টিতেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে মিম। ইতিমধ্যেই ওই জেলায় ২০টি কার্যালয় খোলা হয়েছে। ঘর গুছিয়ে নেওয়ার পর জানুয়ারির প্রথম দিকেই বাংলায় পা রাখতে পারেন মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েইসি। মালদা ও মুর্শিদাবাদে তাঁর সফরের আগেই এই ‘অধিকার যাত্রা’র মাধ্যমে জনমত গঠনের কাজ সেরে রাখতে চাইছে দল।
সংখ্যালঘু ভোট ভাগ হলে আখেরে কার লাভ হবে, তা নিয়ে এখন থেকেই সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক আঙিনা।