বিশেষ: ট্রেনের রিজার্ভেশন চার্ট তৈরির সময়ে বড় বদল, ব্যাপক সুবিধা হবে যাত্রীদের

দূরপাল্লার ট্রেনের টিকিট কনফার্ম হবে কি না, তা নিয়ে যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ভারতীয় রেলের পক্ষ থেকে এবার রিজার্ভেশন চার্ট তৈরির নিয়মে আনা হলো বৈপ্লবিক পরিবর্তন। মঙ্গলবার রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে, এখন থেকে ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘণ্টা আগে নয়, বরং কমপক্ষে ৯ থেকে ১০ ঘণ্টা আগেই তৈরি হয়ে যাবে ফাইনাল চার্ট।
কেন এই পরিবর্তন? এতদিন নিয়ম ছিল ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘণ্টা আগে চার্ট প্রকাশ করার। এর ফলে ওয়েটিং লিস্ট বা RAC-তে থাকা যাত্রীরা স্টেশনে পৌঁছানোর আগে পর্যন্ত জানতে পারতেন না তাঁদের আসন নিশ্চিত হয়েছে কি না। অনেক সময় টিকিট কনফার্ম না হওয়ায় স্টেশনে গিয়ে হয়রানির শিকার হতে হতো। যাত্রীদের এই উদ্বেগ ও সময় অপচয় রোধ করতেই রেল এই নতুন সিদ্ধান্ত নিয়েছে।
নতুন চার্টের সময়সূচি একনজরে:
রেলওয়ে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী নতুন সময়গুলো হলো:
-
ভোর ৫টা ০১ থেকে দুপুর ২টো পর্যন্ত ছাড়ার ট্রেন: চার্ট প্রকাশ হবে আগের দিন রাত ৮টার সময়।
-
দুপুর ২টো ০১ থেকে রাত ১১টা ৫৯ পর্যন্ত ছাড়ার ট্রেন: চার্ট প্রকাশ হবে ট্রেন ছাড়ার অন্তত ১০ ঘণ্টা আগে।
-
মধ্যরাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ছাড়ার ট্রেন: এই ক্ষেত্রেও কমপক্ষে ১০ ঘণ্টা আগে চার্ট তৈরির নিয়ম কার্যকর হবে।
সিস্টেম আপগ্রেডেশনের কাজ শুরু: পূর্ব রেলের সিনিয়র DRO দীপ্তিময় দত্ত জানিয়েছেন, “যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই পদক্ষেপ। দ্রুত এই পরিষেবা চালু করতে রেলের সফটওয়্যার ও সিস্টেম আপগ্রেডেশনের কাজ শুরু হয়েছে।” খুব শীঘ্রই এই নতুন ব্যবস্থার সুফল পাবেন সাধারণ মানুষ।
এই পরিবর্তনের ফলে যাত্রীরা অনেক আগেই নিশ্চিত হতে পারবেন যে তাঁরা ভ্রমণে যেতে পারছেন কি না। বিশেষ করে যাঁরা দূরদূরান্ত থেকে স্টেশনে আসেন, তাঁদের জন্য এই সিদ্ধান্ত এক বিশাল বড় স্বস্তি।