বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি পদে দায়িত্ব নিলেন নিতিন নবীন, তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ভরসা রাখল শীর্ষ নেতৃত্ব

বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন বিহারের মন্ত্রী তথা দলের সুসংগঠক নিতিন নবীন। আজ নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে জে পি নড্ডা এবং অমিত শাহের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নেন তিনি। দলের বর্তমান সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা নতুন কার্যনির্বাহী সভাপতিকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করে আনুষ্ঠানিকভাবে তাঁর চেয়ারে বসিয়ে দেন। পাশে উপস্থিত ছিলেন বিজেপির আরেক প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় নেতা অমিত শাহ।

গত রবিবার বিজেপির সংসদীয় বোর্ড নিতিন নবীনকে এই নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই বড় দায়িত্ব পেয়ে দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিতিন নবীন বলেন, “আমার মতো একজন সামান্য কর্মীকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। দলের মন্ত্র হচ্ছে দলের জন্য কাজ করে যাও, দল তোমার পরিশ্রম এবং কাজের মর্যাদা একদিন নিশ্চই দেবে।”

সংগঠন এবং প্রশাসনের সমন্বয়: বর্তমানে ৪৫ বছর বয়সী নিতিন নবীন বিজেপির ইতিহাসে অন্যতম তরুণ নেতা হিসেবে এই শীর্ষ পদ গ্রহণ করলেন। ওয়াকিবহাল মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে বিজেপি শীর্ষ নেতৃত্ব স্পষ্ট বার্তা দিল যে, তারা প্রশাসনিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তারুণ্যের মিশেলের উপরেই জোর দিতে চাইছে।

পটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে টানা ৫ বারের জয়ী বিধায়ক নিতিন নবীন বর্তমানে বিহারের পিডব্লিউডি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বিজেপি স্টলওয়ার্ট এবং প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার সুপুত্র। বাবার মৃত্যুর পর মাত্র ২৬ বছর বয়সে ২০০৬ সালে উপনির্বাচনে জিতে রাজনীতিতে হাতেখড়ি হয় তাঁর। দীর্ঘদিন ধরে আরএসএস-এর সঙ্গে যুক্ত এই নেতার সুসংগঠক হিসাবে দলের অন্দরে বিশেষ সুনাম রয়েছে। বিহারে মন্ত্রী এবং ছত্তিশগড়ের বিজেপির ইনচার্জ হিসাবে তাঁর কাজ প্রায়শই তাঁর প্রশাসনিক ও সাংগঠনিক দক্ষতার উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়।

নবীন ২০০৮ সালে বিজেপি যুবমোর্চার সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটির একজন সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর মাত্র ১৭ বছরে বিজেপি-তে তাঁর এই চমকপ্রদ উত্থান দলের কর্মীদের কাছেও এক বড় অনুপ্রেরণা।