‘এটা বাঙালি ফুটবলপ্রেমীর অসম্মান!’ রাজনৈতিক নেতাদের কটাক্ষের জবাব, শুভশ্রীর লিঙ্গ, পেশা নিয়ে প্রশ্ন তোলায় তোপ রাজের

লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় শনিবার উত্তাল হয়েছিল কলকাতা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ক্রীড়াপ্রেমীরা। গোটা স্টেডিয়াম চত্বর জুড়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঠিক সেই সময়েই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করলে, ক্ষোভের মুখে পড়েন তিনি। ট্রোলিংয়ের শিকার স্ত্রীর পাশে দাঁড়িয়ে এবার মুখ খুললেন পরিচালক তথা বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।
সামাজিক মাধ্যমে একটি লম্বা পোস্ট করে তিনি শনিবারের ঘটনাকে ‘অনভিপ্রেত’ আখ্যা দিয়েছেন এবং চরম ‘অরাজকতার’ তীব্র নিন্দা করেছেন। রাজ আয়োজকদের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন, “এটা ফুটবল এবং ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। এই অরাজকতার সম্মুখীন আমরা আগেও হয়েছি ইস্টবেঙ্গল – মোহনবাগান ম্যাচে। তারপরেও কেন এত বড় ইভেন্টের কাঠামোগত সচেতনতায় ফাঁক থেকে গেল? আয়োজকেরা কি মেসির জনপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? আমি অবশ্যই চাইবো দোষীরা শাস্তি পাক।”
ট্রোলারদের প্রতি কড়া বার্তা
শুভশ্রী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসাবে আমন্ত্রিত ছিলেন। তাঁকে ট্রোল করার প্রসঙ্গে রাজ লেখেন, “এই অরাজকতার মাঝে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করা। যেখানে হাজার হাজার মানুষ দাম দিয়ে টিকিট কিনে নিজের স্বপ্নের নায়ককে একবারের জন্য দেখতে পেলেন না, প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তাদের এই ক্ষোভ আসবেই।”
যে সমস্ত ব্যক্তিরা ছবির নীচে মন্তব্য করে শুভশ্রীর অনুষ্ঠানে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই ট্রোলারদের এবং কিছু রাজনৈতিক নেতাকে উদ্দেশ্য করে রাজ লেখেন, “কিছু রাজনৈতিক নেতা যারা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুড়ছেন – ‘ একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কী দরকার? ’, তাঁদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গাঙ্গুলিকে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রী মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও অভিনেত্রী, কখনও বন্ধু, কখনও আবার কারও ফ্যান। সব কিছুর উপর তিনি একজন মানুষ।”
তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন: “পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারীরিক গঠন থেকে, তিনি বিধায়কের স্ত্রী, তাঁর সন্তান – পরিবার সব কিছুই সমালোচনায় বিষয় হয়ে উঠছে। কেন? তিনি একজন নারী বলে? বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে? যদি কোনো বলিউডের পরিচিত মুখ থাকতেন, আপনাদের ন্যারেটিভ এমনই হত?” রাজের দাবি, শুভশ্রীকে টার্গেট করে সামাজিক মাধ্যমে একটি বিকল্প ব্যাখ্যা তৈরি করা হচ্ছে।