‘সরকারি কাজে বাধা, সম্পত্তি নষ্ট’ সহ ১০ ধারায় মামলা, ভিআইপিদের ভিড়ে মেসি-দর্শন না পেয়ে তাণ্ডব, গ্রেফতার হলেন মূল আয়োজক

গোট ট্যুর ইন্ডিয়া’ ব্যানারে লিওনেল মেসিকে কলকাতায় আনার পর যুবভারতী ক্রীড়াঙ্গনে যে চরম বিশৃঙ্খলা ও তাণ্ডব সৃষ্টি হয়েছিল, সেই ঘটনায় মূল আয়োজক শতদ্রু দত্তের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। শনিবার বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়া শতদ্রু দত্তকে আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে, তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

বিধাননগর পুলিশ কমিশনারেট এই বিশৃঙ্খলা কাণ্ডে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে। শতদ্রু দত্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা সহ মোট ১০টি ধারায় মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং হিংসা ছড়ানোর মতো গুরুতর অভিযোগ।

যদিও এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই বড় প্রশ্ন উঠেছে। দর্শকদের অভিযোগ, মেসি মাঠে নামার সময় প্রায় ৭০-৮০ জন লোক তাঁকে ঘিরে ছিল, যার মধ্যে মন্ত্রী অরূপ বিশ্বাস মেসিকে জড়িয়ে ধরে ছবি তুলছিলেন এবং ভিআইপিরা তাঁর পাশেপাশে ঘুরঘুর করছিলেন। ফলে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটা সাধারণ মানুষ মেসিকে দেখতে পারেননি। উত্তেজনা শুরুর সময় থেকে পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল।

এছাড়াও প্রশ্ন উঠেছে, যে মাঠে বোতল নিয়ে দর্শকদের ঢুকতে বারণ করা হয়েছিল, সেখানে মাঠের ভিতরে ২০ টাকার জলের বোতল কী করে ১৫০ টাকায় বিক্রির অনুমতি দেওয়া হলো? ক্ষুব্ধ দর্শকদের ছোড়া সেই বোতলই উড়ে গিয়েছিল মাঠে। এমনকি ভিআইপিদের জন্য রাখা চেয়ারে অগ্নিসংযোগের ঘটনাতেও পুলিশি চেকিং নিয়ে প্রশ্ন উঠেছে।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার অবশ্য বলেন, মেসি না খেলায় দর্শকরা ক্ষুব্ধ হন। তবে দর্শকদের দাবি, তারা মেসি খেলবে না, তা জানত। কিন্তু এত টাকা দিয়ে টিকিট কেটে এসে মেসিকে না দেখে মন্ত্রী এবং অভিনেত্রীদের দেখে ক্ষুব্ধ হয়েছেন।

ঘটনার দিন মেসি প্রায় ২০ মিনিট মাঠে ছিলেন। ভিড়ের চাপে মেসি মাঠ ছাড়ার পর দর্শকরা রেলিং গেটে তালা ভেঙে মাঠে ঢুকে পড়ে। গ্যালারি থেকে বাকেট সিট ভেঙে আগুন ধরানো হয় এবং পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়। এই গোটা ঘটনা আন্তর্জাতিক স্তরে বাংলার মুখ পুড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসি মাঠ ছাড়ার পর স্টেডিয়ামে যাননি, তবে পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন।c

Dipak Barman01
  • Dipak Barman01