সবজি বিক্রি করতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু কৃষকের, রেজিনগরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, পরিবারে শোকের ছায়া

রবিবার ভোরে মুর্শিদাবাদের রেজিনগর থানার তকিপুর মোড় সংলগ্ন এলাকার জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। জমি থেকে সবজি তুলে তা বিক্রি করতে যাওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই কৃষকের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দুর্ঘটনার বিবরণ:

মৃত ব্যক্তির নাম ইব্রাহিম শেখ (৫৫), তাঁর বাড়ি রেজিনগরের তকিপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে ইব্রাহিম শেখ সাইকেলে করে মাঠ থেকে সবজি নিয়ে রেজিনগর মার্কেটে বিক্রির উদ্দেশ্যে রাস্তা পারাপার হচ্ছিলেন। সেই সময় একটি যাত্রীবাহী বাসকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই যাত্রীবাহী বাসটি সরাসরি সাইকেল চালক ইব্রাহিম শেখকে ধাক্কা মারে। ধাক্কার পর তিনি বাসের চাকার তলায় পড়ে পিষ্ট হন এবং গুরুতর আহত হন।

স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেলডাঙা হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশি তৎপরতা:

ইব্রাহিম শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবার-পরিজনরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনার খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।

Dipak Barman01
  • Dipak Barman01