“সমস্ত OC-র একটা হাত-পা ভেঙে ল্যাংড়ার মতো করে দেব!”, মাইক হাতে পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর হুমকি বিজেপি বিধায়কের

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ‘পরিবর্তন সভা’ থেকে রাজ্য পুলিশকে সরাসরি বেলাগাম আক্রমণ করে বিতর্কের জন্ম দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি প্রশাসনিক আধিকারিক এবং পুলিশকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবারের সভায় মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক বলেন, “সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে। ল্যাংড়ার মতো ওরা চলতে থাকবেন। বাঁচার চেষ্টা করবে, অতএব তৃণমূলকে ওরা বাঁচাতে যাবে না।”
বিধায়ক তাঁর বক্তব্যে আরও বলেন, “নির্বাচনে পুলিশের ভেঙে দেওয়া হবে হাত-পা। পুলিশ বলবে আমাদের বাঁচতে দিন। ছাব্বিশের নির্বাচনে থাকবে না কোনও তৃণমূল বিডিও-এসডিও। এমনকি ছাব্বিশের নির্বাচনে থাকবে না কোনও তৃণমূলের চোর নেতারা।” তাঁর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা শুরু হয়েছে।
পাল্টা আক্রমণ তৃণমূলের:
বিজেপি বিধায়কের এই হুমকির পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, “বিজেপি দিবাস্বপ্ন দেখছে। ছাব্বিশের নির্বাচনে শীতলবাবুর হাত-পা অসাড় হয়ে শীতলতম হয়ে যাবে। ফাস্ট রাউন্ড থেকেই কাউন্টিং শুরু হয়ে যাবে। এই জেলায় সাতটা সিট তৃণমূল জিতবে।”
উল্লেখ্য, এ রাজ্যে রাজনৈতিক নেতাদের দ্বারা পুলিশকে আক্রমণ করার ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার বিজেপি ও তৃণমূলের নেতারা তীব্র ভাষায় পুলিশকে আক্রমণ করেছেন। সম্প্রতি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের একটি ফোন কলের অডিও ভাইরাল হয়, যেখানে তিনি পুলিশকে আক্রমণ করেন এবং তাঁর মা-স্ত্রীকেও কদর্য ভাষায় মন্তব্য করতে শোনা যায়। যদিও, অনুব্রতর দাবি ছিল এটি ‘এআই দিয়ে তৈরি করা হয়েছে’, যা নিয়েও কম জলঘোলা হয়নি।