কেরল স্থানীয় ভোটে ঐতিহাসিক সাফল্য বিজেপির, শশী থারুরের কেন্দ্র তিরুবনন্তপুরমে ৪৫ বছরের বাম দুর্গ দখল করল এনডিএ, মোদীর শুভেচ্ছা

কেরলের সদ্য সমাপ্ত পুর ও পঞ্চায়েত নির্বাচনে বড়সড় চমক দেখাল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। কংগ্রেস সাংসদ শশী থারুরের কেন্দ্র তথা কেরলের রাজধানী তিরুবনন্তপুরম পুরনিগমে সিপিএম নিয়ন্ত্রিত এলডিএফ (LDF) এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) জোটকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। এই জয়ের ফলে বামেদের ৪৫ বছরের দুর্গ ভাঙল বিজেপি।

গত ৯ এবং ১১ ডিসেম্বর দু’দফায় কেরলে মোট ১১৯৯টি পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতে (যার মধ্যে ৬টি পুরনিগম, ৮৬টি পুরসভা, ১৪টি জেলা পরিষদ, ১৫২টি ব্লক পঞ্চায়েত এবং ৯৪১টি গ্রাম পঞ্চায়েত রয়েছে) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মোট আসনের সংখ্যা ছিল প্রায় ২৫ হাজার।

তিরুবনন্তপুরম কর্পোরেশনের ফলাফল: কেরলের এই আঞ্চলিক ভোটে তিরুবনন্তপুরম কর্পোরেশনে বিজেপির সাফল্য ছিল তাক লাগানোর মতো। মোট ১০১টি ওয়ার্ডের মধ্যে ৫১টি ওয়ার্ড এনডিএ জোটের দখলে গিয়েছে।

এনডিএ (NDA): ৫১টি ওয়ার্ড (বিজয়ী)

এলডিএফ (LDF): ২৯টি ওয়ার্ডে এগিয়ে/বিজয়ী

ইউডিএফ (UDF): ১৯টি ওয়ার্ডে এগিয়ে/বিজয়ী

নির্দল: ২টি ওয়ার্ড

নির্বাচন হয়নি: ১টি ওয়ার্ড

প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা: তিরুবনন্তপুরমের বাসিন্দাদের এই সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শুভেচ্ছা জানিয়েছেন এই আঞ্চলিক নির্বাচনে দিবারাত্রি পরিশ্রম করা কার্যকর্তাদেরও।

কার্যকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এতদিন যে পরিশ্রম করলেন, আজ সেগুলির স্মৃতিচারণের দিন। আমি প্রতিটি বিজেপি কার্যকর্তাকে শুভেচ্ছা জানাই। এই সাফল্য সেই পরিশ্রমেরই ফলাফল।” প্রধানমন্ত্রী আরও নিশ্চিত করেন, “ওই রাজ্যের উন্নয়ন ও বিকাশ নিয়ে মানুষের মনে যে চাহিদা তৈরি হয়েছে, তা আমাদের দলই পূরণ করতে পারবে।”