মেসির জন্য ৬ কেজির ‘ফুটবল’ মোয়া! জয়নগরের বিখ্যাত মিষ্টি কি শেষমেশ পৌঁছল জাদুকরের হাতে? চরম উৎকণ্ঠায় ভক্তরা

ফুটবলের জাদুকর লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের সৃষ্টি হলেও, তাঁর প্রতি ভক্তদের উদ্দীপনা ছিল বাঁধনছাড়া। এই আবেগেরই প্রতীক হিসেবে জয়নগরের প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ীরা মেসির জন্য তৈরি করেছিলেন ছয় কেজি ওজনের বিশাল একটি মোয়া।

জয়নগরের বিখ্যাত মিষ্টি ব্যবসায়ী রাজেশ দাস মেসি ভক্তদের অর্ডার পেয়ে নলেন গুড় ও কনকচুর ধান দিয়ে তৈরি করেছিলেন ফুটবল আকৃতির এই বিশেষ মোয়া। এটিতে প্রচুর ড্রাইফ্রুটস ব্যবহার করা হয়েছিল এবং মেসির স্বাস্থ্যের কথা মাথায় রেখে সুগার কোয়ালিটি বজায় রাখা হয়েছিল। আনুমানিক বাজার মূল্য ৫ হাজার টাকা।

উদ্বেগে মিষ্টি ব্যবসায়ী: মেসি ভক্তদের পক্ষ থেকে মোয়াটি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া হলেও, মূল প্রশ্নটি ছিল— শনিবার দুপুরে মেসি তাঁর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এই উপহার তাঁর হাতে পৌঁছবে কি না। বিশেষত যুবভারতীতে সৃষ্ট চরম বিশৃঙ্খলার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন মোয়া প্রস্তুতকারক রাজেশ দাস।

রাজেশ দাস ইটিভি ভারতকে বলেন, “গত তিন দিন আগে মেসি ভক্তদের পক্ষ থেকে আমাকে স্পেশাল ৬ কেজি ওজনের একটি মোয়া তৈরি করতে বলা হয়। আমরা সেই মোয়া প্রস্তুত করি। লিও মেসির জন্য এই মোয়াতে নলেন গুড়, কনকচুর ধান ও প্রচুর ড্রাইফ্রুটস ব্যবহার করা হয়েছে। কিন্তু সংবাদ মাধ্যমে যে খবর শুনছি আমরা (যুবভারতীতে চরম বিশৃঙ্খলা), আমার মোয়া কি পৌঁছাবে ফুটবলের জাদুকরের হাতে? সেই নিয়ে চিন্তায় রয়েছি।”

মেসি ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই মোয়া রাজ্যের প্রসিদ্ধ জয়নগরের মোয়ার স্বাদ গ্রহণের সুযোগ করে দেবে কি না, তা নিয়ে উৎকণ্ঠা থাকলেও, বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত সেই মোয়া মেসির হাতে পৌঁছতে পেরেছে কিনা, তা নিশ্চিতভাবে জানা যায়নি।