সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অনিকেত মাহাতো! রায়গঞ্জ নয়, আরজি কর মেডিক্যাল কলেজেই বহাল থাকল তাঁর পোস্টিং।

চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত মামলায় বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে দেশের শীর্ষ আদালত রাজ্যের দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি জে.কে. মাহেশ্বরী ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজের পরিবর্তে অনিকেতকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিং দেওয়ার রাজ্যের সিদ্ধান্ত বাতিল। তাঁকে আরজি করেই রাখতে হবে।
এখানে উল্লেখ্য, গত ২৭ মে ২০২৫-এ একটি বিজ্ঞপ্তি জারি করে অনিকেত মাহাতোকে আরজি কর মেডিক্যাল কলেজের (R.G. Kar Medical College) বদলে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে (Raiganj Medical College) পোস্টিং দেওয়া হয়।
র্যাঙ্ক নিয়ে আপত্তি আদালতে
এই পোস্টিং নিয়েই আপত্তি তুলে আদালতে মামলা দায়ের করেছিলেন অনিকেত মাহাতো। তাঁর দাবি ছিল, মেধাতালিকায় তাঁর র্যাঙ্ক ছিল ২৪। আরজি কর হাসপাতালে অ্যানাস্থেসিয়া বিভাগে চারটি শূন্যপদ ছিল, যার মধ্যে একটিতে তাঁর চেয়ে এগিয়ে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়। ফলে মেধাতালিকা অনুযায়ী তাঁর আরজি করেই পোস্টিং পাওয়ার কথা।
প্রথমে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে এই মামলা হয়। পরে তা গড়ায় বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চে। হাইকোর্ট অনিকেত মাহাতোর পক্ষেই রায় দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রাজ্যের সেই মামলা খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখল।