‘চিকেন প্যাটিস কাণ্ড’ নিয়ে মঞ্চে ক্ষোভ! হকারকে মারধরের ঘটনায় BJP-কে নিশানা মুখ্যমন্ত্রীর, ‘এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়।’

নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূলের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন। নিরামিষ খাবার চাপিয়ে দেওয়ার অভিযোগ থেকে শুরু করে হকারকে মারধরের ঘটনা, এমনকি ভোটার তালিকা সংশোধনের (SIR) বিষয়েও এদিন তিনি সুর চড়ান।
হকারকে মারধর ও ‘নিরামিষ সাম্রাজ্যবাদ’
রবিবার গীতাপাঠের দিনে ময়দানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ ওঠে, চিকেন প্যাটিস বিক্রি করায় ওই হকারকে মারধর করা হয় এবং তাঁর বাক্সের সব প্যাটিস ফেলে দেওয়া হয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় নদিয়ার মঞ্চ থেকেই প্রতিক্রিয়া জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “একটা হকার নিজের জিনিস বিক্রি করতে গেছিল। ওকে ধরে মেরেছে! আমি সব ক’টাকে গ্রেপ্তার করিয়েছি। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়।”
এরপরই তিনি বিজেপির বিরুদ্ধে ‘নিরামিষ চাপিয়ে দেওয়ার’ অভিযোগ এনে আক্রমণ শানান। মমতা বলেন, “আপনারা বিজেপিকে ভোট দেবেন? ওরা মাছ-মাংস খেতে দেয় না। নিরামিষ চাপিয়ে দেয়।” কার্যত বিজেপির বিরুদ্ধে ‘নিরামিষ সাম্রাজ্যবাদ’-এর অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী।
‘দেড় কোটি নাম বাদ’ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ
মুখ্যমন্ত্রী সভা থেকে ফের SIR প্রক্রিয়া নিয়ে আক্রমণ শানান। তিনি দাবি করেন, দিল্লি থেকে ‘বিজেপি মার্কা’ পর্যবেক্ষক পাঠানো হয়েছে এবং তারা নাকি দেড় কোটি ভোটারের নাম বাদ দেওয়ার কথা বলছেন।
মমতা বলেন, “দিল্লি থেকে বিজেপি মার্কা লোক পাঠানো হচ্ছে। বলছে দেড় কোটি লোকের নাম বাদ দিতে হবে। কিন্তু বাংলা কারও নাম বাদ দিতে দেবে না।”
কমিশন বলেছিল, যাদের তথ্য নিয়ে সমস্যা রয়েছে, তাদের শুনানিতে ডাকা হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি, শুনানিতে ডাকলেও বিপদ রয়েছে। তিনি সতর্ক করে বলেন, “যাঁরা ঠাকুমা-ঠাকুরদার নাম দিয়েছে, তাঁদের নাকি শুনানিতে ডাকা হবে। শুনানিতে গেলে নাম কেটে দেবে! সবাই শুনানিতে যাবেন, ফাইট করবেন। সরকার ‘মে আই হেল্প ইউ’ তৈরি করেছে, পার্টিও সাহায্য করবে।”
এদিন নদিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘আন্দোলন, বিরোধিতা এবং প্রশাসনিক প্রস্তুতি, সব দিকেই তৃণমূল প্রস্তুত।’