‘সোর্স’ খবর দিল, ধরা পড়ল চোর! দেড় লক্ষ টাকার রুপোর লোকনাথ বাবার মূর্তি উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ।

বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং। গোপন সূত্রের খবরের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে উদ্ধার করা হলো চুরি যাওয়া বাবা লোকনাথের একটি রুপোর মূর্তি। এই ঘটনায় বিজয় মাহাতো নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বিজয় মাহাতো শিলিগুড়ির প্রকাশ নগরের বাসিন্দা। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর বাড়িতে হানা দিয়েই উদ্ধার হয় প্রায় ১ কেজি ওজনের রুপোর মূর্তিটি। পুলিশ অনুমান করছে, যার বাজারমূল্য কমপক্ষে দেড় থেকে দুই লক্ষ টাকা। পুলিশ আরও জানিয়েছে যে, এর আগেও একই ধরনের অপরাধে বিজয় মাহাতো গ্রেফতার হয়েছিল।

কীভাবে ঘটেছিল চুরি?
তদন্তে জানা যায়, গত ৬ ডিসেম্বর ভোর রাতে প্রধান নগর থানা এলাকার একটি বাড়ির মন্দিরের তালা ভেঙে অভিযুক্ত বিজয় মাহাতো বাবা লোকনাথের মূর্তিটি চুরি করে। সকালে ঘুম থেকে উঠে গৃহকর্তা বিশ্বজিৎ দাস মন্দিরে গিয়ে মূর্তি উধাও দেখে হতবাক হয়ে যান। এরপরই তিনি প্রধান নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে অ্যান্টি ক্রাইম উইং দ্রুত তদন্ত শুরু করে। বিভিন্ন সূত্র খতিয়ে দেখার পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সেই সূত্র ধরেই পুলিশ মূল অভিযুক্তকে চিহ্নিত ও গ্রেফতার করতে সক্ষম হয় এবং চুরি যাওয়া রুপোর মূর্তিটি উদ্ধার করে।

শহরে ধারাবাহিক চুরির ঘটনার মাঝে ধর্মীয় গুরুত্বের রুপোর মূর্তি উদ্ধারে পুলিশের এই সাফল্যকে স্থানীয় মহল ও তদন্তকারীরা উল্লেখযোগ্য বলেই মনে করছেন।