‘বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না!’ SIR বিতর্কে অমিত শাহের অনুপ্রবেশকারী মন্তব্য নিয়ে পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, তোলপাড় রাজ্য রাজনীতি।

পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ (SIR) শুরু হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটি জনসভা ও সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রের মোদী সরকারকে তীব্র নিশানা করছেন। বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভা থেকে তিনি অন্যান্য দিনের তুলনায় আরও চড়া সুরে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আক্রমণ করেন।

অমিত শাহকে ‘ভয়ংকর’ আক্রমণ
কৃষ্ণনগরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে নিশানা করে বলেন, “এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। তাঁর দুই চোখ ভয়ঙ্কর। দেখলে মনে হয় দুর্যোগের বার্তা। এমন কোনও কাজ নেই যে তিনি করতে পারেন না। তাঁর এক চোখে দুর্যোধন, আর অন্য চোখে দুঃশাসন।”

এই মন্তব্যের পরই মমতা অভিযোগ করেন, অমিত শাহের নির্দেশেই বাংলায় এসআইআর-এর মাধ্যমে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

‘বিহারে পেরেছ, বাংলায় নয়’
ভোটার তালিকা সংক্রান্ত প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে সতর্ক করেন। তিনি বলেন, “বিহারে তোমরা পেরেছো। বাংলায় করতে দেব না।” তিনি আরও অভিযোগ করেন, “বিজেপির আইটি সেলের তৈরি করা ভোটার লিস্ট দিয়ে বাংলায় ভোট করানোর চেষ্টা করছো তো? যা খুশি করোন। কিচ্ছু করতে পারবে না।”

অনুপ্রবেশকারী মন্তব্য নিয়ে পাল্টা চ্যালেঞ্জ
এর আগে বুধবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, “অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়ালে বাংলা থেকে আপনারা মুছে যাবেন।” বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র পাল্টা জবাব দেন।

মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবাংলায় এনআইরসি হবে না, ডিটেনশন ক্যাম্পও হবে না। নিশ্চিন্তে থাকুন। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। আর তাড়ালে তাদের কী ভাবে ফিরিয়ে আনতে হয় আমরা জানি।”

ভোট ভাগ করা নিয়ে সতর্কবার্তা
কৃষ্ণনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে ভোট ভাগ করা নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, “ভোট এলেই বিজেপি টাকা নিয়ে ভোট ভাগ করতে নামে। আপনারা কাউকে ভোট ভাগ করতে দেবেন না।” মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিল।