‘পাঠান’ ফিরছে! দুবাইয়ের মঞ্চে নিশ্চিত হলো শাহরুখ খানের ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল,’পাঠান ২’ আসছে

সাময়িক বিরতি কাটিয়ে ২০২৩ সালে পরপর তিনটি ব্লকবাস্টার ছবি উপহার দেওয়ার পর বলিউড তারকা শাহরুখ খান-এর আগামী ছবি ‘কিং’-এর জন্য যখন দর্শকরা অপেক্ষা করছেন, তখনই এলো এক চমকপ্রদ খবর। ২০২৩ সালের অন্যতম চর্চিত ছবি ‘পাঠান’-এর সিক্যুয়েল আসতে চলেছে।
গুপ্তচর ‘পাঠান’ হিসেবে বড়পর্দায় শীঘ্রই ফিরছেন শাহরুখ খান, এই সিক্যুয়েল নিশ্চিত হলো দুবাইয়ের এক অনুষ্ঠানে। সম্প্রতি কিং খান সেখানে একটি রিয়েল এস্টেটের অনুষ্ঠানে যোগ দিতে যান। সেখানেই বিগত কয়েক মাস ধরে চলে আসা চর্চায় সিলমোহর পড়ে।
শাহরুখের সামনেই ঘোষণা:
দুবাইয়ে ওই রিয়েল এস্টেট অনুষ্ঠান চলাকালীন একটি বহুতলের নামকরণ করা হয় শাহরুখ খানের নামে। আর তখনই মঞ্চ থেকে ঘোষণা করা হয় যে ‘পাঠান ২’-এর কাজ শুরু হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, সঞ্চালক বলছেন, “যখন কোনও ছবি ব্লকবাস্টার হয়, তখন তার সিক্যুয়েল আসেই। যেমন ‘পাঠান’। কী ঠিক তো? ‘পাঠান ২’ আসছে।” এই ঘোষণার সময় সঞ্চালকের পাশেই হাসিমুখে দাঁড়িয়েছিলেন বলিউডের ‘বাদশা’, এবং হেসে ধন্যবাদ জানান তিনি। যদিও ছবির নির্মাতাদের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু কিং খানের নীরব সম্মতিই যেন বড় ইঙ্গিত দিল।
স্পাই ইউনিভার্সের ভবিষ্যৎ:
‘পাঠান ২’-এর কাজ কবে শুরু হবে, সেই জল্পনাও চলছে। ২০২৬ সালে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘কিং’ (সহ-অভিনেতা যিশু সেনগুপ্ত, সুহানা খান প্রমুখ)। অন্যদিকে, যশরাজ স্পাই ইউনিভার্সের আগামী ছবি ‘আলফা’ (আলিয়া ভাট অভিনীত) মুক্তি পাওয়ার পর ২০২৬ বা ২০২৭ সালে হয়তো ‘পাঠান ২’ ছবির কাজ শুরু হবে। চিলিতে এই ছবির শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর স্পাই ইউনিভার্সের সবথেকে বিগ বাজেট ছবি ‘টাইগার ভার্সেস পাঠান’-এর মাধ্যমে বড়পর্দায় মুখোমুখি হবেন শাহরুখ খান ও সলমন খান।
উল্লেখ্য, এদিন এই অনুষ্ঠানে নিজের নামে বাড়ি নামাঙ্কিত হওয়ার পর শাহরুখ খান আবেগাপ্লুত হয়ে বলেন, “লন্ডনে ডিডিএলজির ব্রোঞ্জ মূর্তি তৈরি হল আমার, জাতীয় পুরস্কার জিতলেন, এবং দুবাইয়ে একটা বাড়ি হল আমার নামে। আমার মা বাবা হয়তো এখন আমায় নিয়ে গর্ব করছেন স্বর্গে বসে। আমার জন্য এটা একটা বড় মুহূর্ত।” শাহরুখ খানকে শেষবার রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিতে দেখা গিয়েছিল।