রহস্যজনক মৃত্যু চুঁচুড়ায়! ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার নিঃসঙ্গ বৃদ্ধের দেহ, মুখ থেকে বেরোচ্ছিল গ্যাঁজলা

চুঁচুড়ার এক আবাসনে দরজা ভেঙে বছর পঁচাত্তরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর অস্বাভাবিক দেহ উদ্ধার হলো। ফ্ল্যাটে একাই থাকতেন নিঃসন্তান ওই বৃদ্ধ। তাঁর মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুঁচুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের মনিকোঠার একটি আবাসনে একাই থাকতেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অমল চক্রবর্তী (৭৫)। কয়েক বছর আগে তাঁর স্ত্রী প্রয়াত হন। তাঁর কিছু আত্মীয় চুঁচুড়াতেই থাকেন।
যেভাবে ঘটনাটি প্রকাশ্যে আসে:
প্রতিদিনের মতো আজ সকালে সংবাদপত্র বিক্রেতা তাঁর ফ্ল্যাটে কাগজ দিতে আসেন। অন্যান্য দিন বেল বাজালে অমল বাবু নিজেই দরজা খুলে কাগজ নিতেন। কিন্তু এদিন একাধিকবার বেল বাজানোর পরও সাড়া না পাওয়ায় সংবাদপত্র বিক্রেতা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের ডেকে ঘটনাটি জানান। প্রতিবেশীরাও ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। অমল বাবুর একমাত্র ভাইপোকেও খবর দেওয়া হয়।
দরজা ভেঙে দেহ উদ্ধার:
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, বৃদ্ধ বিছানার ওপর অচৈতন্য অবস্থায় পড়ে আছেন এবং তাঁর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কীভাবে এই মৃত্যু হলো, তা জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।