ইমরান খানকে নিয়ে প্রশ্ন, পাক সেনার ডিজি-র মহিলা সাংবাদিককে প্রকাশ্যে চোখ মারা নিয়ে তীব্র বিতর্ক, ভিডিও ভাইরাল

পাকিস্তানে তীব্র বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন দেশের সেনা জনসংযোগ বিভাগের (ISPR) ডিরেক্টর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। একটি সাংবাদিক বৈঠকের মাঝেই এক মহিলা সাংবাদিককে প্রকাশ্যে চোখ টিপে ইঙ্গিত দেওয়ায় রাজনৈতিক এবং সোশ্যাল মিডিয়ার পরিসরে তোলপাড় শুরু হয়েছে।
ঘটনাটি ঘটে যখন সাংবাদিক আবসা কোম্যান প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান—ইমরান খানকে কেন ‘জাতীয় নিরাপত্তার হুমকি’, ‘রাষ্ট্রবিরোধী’ বা ‘দিল্লির ইশারায় পরিচালিত’ বলা হচ্ছে। তিনি আরও জানতে চান, ভবিষ্যতে এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া হবে কি না।
‘মানসিক রোগী’ কটাক্ষ এবং চোখ মারা
প্রশ্নের উত্তরে লে. জেনারেল চৌধুরী কটাক্ষ করে মন্তব্য করেন, “আরও একটি পয়েন্ট যোগ করুন, উনি এক জন মানসিক রোগী।” এরপরই তিনি হাসেন এবং ওই মহিলা সাংবাদিকের দিকে চোখ টিপে ইঙ্গিত দেন। ক্যামেরায় ধরা পড়া এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
নেটিজেনরা তাঁর এই আচরণকে ‘অপেশাদার’, ‘অশ্রদ্ধাশীল’ এবং ‘ক্ষমতার অপব্যবহার’-এর প্রতিচ্ছবি বলে তীব্র সমালোচনা করেছেন। অনেকেই লিখেছেন, এই ঘটনায় পাকিস্তানের গণতন্ত্রের বর্তমান অবস্থাই স্পষ্ট হয়ে গেছে এবং পাকিস্তানে সেনাশাসনের ছায়া আরও ঘন হয়ে উঠেছে।
জেলে ‘বিষ ছড়ানোর’ অভিযোগ
এই বিতর্কের মধ্যেই শুক্রবার এক পৃথক বিবৃতিতে লে. জেনারেল চৌধুরী ইমরান খানের বিরুদ্ধে আবারও তীব্র আক্রমণ শানান। তিনি নাম না করেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘নার্সিসিস্ট’ আখ্যা দেন এবং অভিযোগ করেন, ইমরান মনে করেন, “আমি ক্ষমতায় না থাকলে আর কিছুই থাকবে না।” তাঁর অভিযোগ, জেলে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে আসা কয়েক জনের মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে ‘বিষ ছড়ানো’ হচ্ছে।
চৌধুরীর দাবি, ইমরান খান সেনাবাহিনীর বিরুদ্ধে জনমত প্রভাবিত করার চেষ্টা করছেন এবং সেনা ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছেন। তিনি ৯ মে, ২০২৩-এ সেনা স্থাপনাগুলির উপর হামলার ‘পরিকল্পনাকারী’ হিসেবে আবারও ইমরানকেই দায়ী করেন। যদিও ইমরান খান এবং তাঁর দল বারবার সব অভিযোগ অস্বীকার করে এটিকে ‘পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি কারাগার থেকেই ইমরান খান সেনাপ্রধান আসিম মুনিরকে ‘মানসিকভাবে অস্থির ব্যক্তি’ বলে আক্রমণ করেছিলেন। এই প্রেক্ষাপটে ডিজি ISPR-এর চোখ মারার ভিডিও নতুন করে বিতর্ককে উসকে দিয়েছে।