মাহিকা শর্মার আগমনেই কি ভাগ্য বদল হার্দিকের? ম্যাচ জয়ের পর বান্ধবীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অলরাউন্ডারের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ জয়ের নায়ক হার্দিক পাণ্ড্য ভারতীয় দলে ফিরেই ম্যাচ জেতানো ইনিংস খেললেন। গত বছর নাতাশা স্ট্যাঙ্কোভিচকে ডিভোর্স দেওয়ার পর হার্দিক পাণ্ড্যকে সম্প্রতি অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে দেখা যাচ্ছে। হার্দিক এবং মাহিকা, দু’জনেই একসঙ্গে ঘোরাঘুরি এবং সময় কাটানোর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। কটকে প্রথম টি-২০ ম্যাচে হার্দিক পাণ্ড্য ২৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতের ১০১ রানের জয়ে বড় ভূমিকা নেন।
‘মাহিকা আসায় আমার জীবনে সবকিছু ভালো হচ্ছে’
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচের পর হার্দিক পাণ্ড্য একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে হার্দিককে বলতে শোনা যাচ্ছে যে, যখন থেকে মাহিকা তাঁর জীবনে এসেছেন, তখন থেকে তাঁর জীবনে অনেক কিছুই ভালো হয়েছে। হার্দিকের এই মন্তব্যে তাদের সম্পর্কের জোরাল ইঙ্গিত মিলেছে।
হার্দিকের করা এই পোস্টে তাঁর বান্ধবী মাহিকা শর্মার মন্তব্য হৃদয় জিতে নিয়েছে। মাহিকা লিখেছেন, “তোমার মতো কেউ নেই আমার রাজা।” যদিও এখনও পর্যন্ত দু’জনে প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে এই ধরনের মন্তব্য এবং বিভিন্ন ঘটনায় একে অপরের পাশে দাঁড়ানো থেকে এটা স্পষ্ট যে তাঁরা সম্পর্কে রয়েছেন।
মাহিকার জন্য পাপারাজ্জিদের উপর রাগ:
সম্প্রতি হার্দিক পাণ্ড্য একটি সোশ্যাল মিডিয়া পোস্টে পাপারাজ্জিদের উপর রেগে গিয়েছিলেন। তাঁর এই রাগের কারণ ছিল, একজন ক্যামেরাম্যান মাহিকা শর্মার রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় ভুল অ্যাঙ্গেল থেকে ছবি তুলেছিলেন। হার্দিকের বক্তব্য ছিল, মহিলারা সম্মানের যোগ্য এবং এই ধরনের আচরণ কোনও মহিলার সঙ্গে করা উচিত নয়।
প্রথম টি-২০ ম্যাচে হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স ছিল নজরকাড়া। ব্যাট হাতে ৫৯ রান করার পাশাপাশি বোলিংয়েও তিনি একটি উইকেট নিয়েছিলেন। তাঁর ইনিংসের সুবাদে ভারত ১৭৫ রান করে এবং জবাবে দক্ষিণ আফ্রিকা দল মাত্র ৭৪ রানে গুটিয়ে যায়।