সুস্থ থাকার ‘আয়ুষ’ পথ, হুগলির চুঁচুড়ায় শুরু হলো ৩ দিনব্যাপী মেলা, মিলছে বিনামূল্যে চিকিৎসা!

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হুগলি জেলার চুঁচুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আয়ুষ মেলা’। জেলা জুড়ে চারটি সাব-ডিভিশনে এই মেলার আয়োজন করা হয়েছে, যার মধ্যে চণ্ডীতলা, হরিপাল শহর এবং সদর চুঁচুড়া অন্যতম। ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সাধারণ মানুষের মধ্যে আয়ুষ (Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha, and Homoeopathy) চিকিৎসা পদ্ধতির গুরুত্ব ও উপকারিতা তুলে ধরাই এই মেলার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন জেলা আয়ুষ দফতরের আধিকারিক ডা. দীনেশ চন্দ্র দত্ত। তাঁর কথায়, “প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সুস্থভাবে বাঁচার পথই আয়ুষ।”
পদযাত্রা ও নানা কর্মসূচি:
মেলার উদ্বোধনের আগে এদিন চুঁচুড়া সদর জুড়ে একটি বিশেষ সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, স্বাস্থ্য দফতরের আধিকারিক, কর্মী এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মেলায় থাকছে আয়ুষ বিষয়ক বিশেষ সেমিনার, যোগাসন প্রতিযোগিতা, স্বাস্থ্য বিষয়ক কুইজ এবং বিশেষ আকর্ষণ—বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প ও হোমিওপ্যাথি চিকিৎসা শিবির। রোজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে। এই সময়ে সাধারণ মানুষ বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন এবং প্রাকৃতিক ও বিকল্প চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। হুগলি জেলার ডিএমও আশা প্রকাশ করেছেন যে এই মেলার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে নতুন আগ্রহ তৈরি হবে।