নির্বাচনী কর্মীর নিরাপত্তা প্রশ্নের মুখে, খড়দহে BLO-র বাড়িতে রাতের অন্ধকারে হামলা, আতঙ্কে পরিবার

বুথ লেভেল অফিসার (BLO) মানব চন্দের বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলার ঘটনায় খড়দহে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, গত রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয় এবং মূল দরজাতে ক্রমাগত লাথি মারতে থাকে। এই আকস্মিক হামলায় BLO মানব চন্দ এবং তাঁর পরিবার রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে।

জানা গিয়েছে, মানব চন্দ স্থানীয়ভাবে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর পরিবারের অনুমান, নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁকে টার্গেট করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে এবং পরিবারের সঙ্গে কথা বলে নিরাপত্তার আশ্বাস দিয়েছে।

যদিও পুলিশি হস্তক্ষেপে দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়, তবে কারা এই হামলার পিছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত একজন কর্মীর বাড়িতে এভাবে রাতের অন্ধকারে হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই অন্যান্য BLO-রাও নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। পুলিশ দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের আশ্বাস দিয়েছে।

Dipak Barman01
  • Dipak Barman01