বিপুল আবেদনের চাপ সামলাতে পারল না সার্ভার, শিক্ষাকর্মী নিয়োগে আবেদনের সময়সীমা ফের বাড়াল এসএসসি

শিক্ষাকর্মী নিয়োগের গ্রুপ সি (Group C) এবং গ্রুপ ডি (Group D) পদে চাকরির জন্য আবেদনের সময়সীমা আরও একবার বাড়াল স্কুল সার্ভিস কমিশন (SSC)। এই আবেদনের শেষ তারিখ ছিল আজ, অর্থাৎ ৮ ডিসেম্বর। কিন্তু বিপুল সংখ্যক আবেদনের চাপ সামলাতে না পেরে সার্ভার সমস্যা দেখা দেওয়ায়, আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত করা হল।
এসএসসি সূত্রে খবর, গত রবিবার থেকে কমিশনের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে আবেদন জমা পড়ছিল। এর ফলে সাইট ঠিকমতো খুলতে না পারায় বহু চাকরিপ্রার্থী সমস্যায় পড়েন।
এসএসসির এক কর্তা জানান, “কয়েক হাজার চাকরিপ্রার্থী প্রায় একই সময়ে আবেদন করার চেষ্টা করায়, ওয়েবসাইটে সম্ভবত সার্ভার সমস্যা দেখা যায়। প্রার্থীদের যাতে আবেদন করতে অসুবিধা না-হয়, সেই জন্য আবেদনের সময়সীমা বাড়িয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত করা হলো।” এখনও পর্যন্ত প্রায় ১৪ লক্ষের মতো আবেদন জমা পড়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
বারবার সময়সীমা বৃদ্ধি কেন?
এর আগে, শিক্ষাকর্মী নিয়োগের আবেদনের সময়সীমা ছিল ৩ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু চলতি মাসের ১ তারিখ বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানায় যে, আবেদনের সময়সীমা ৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে একসঙ্গে এত সংখ্যক পরীক্ষার্থী আবেদন করায়, সেই সময়সীমা আবারও বাড়াতে হলো। নতুন বিজ্ঞপ্তির ফলে গ্রুপ সি ও ডি-এর প্রার্থীরা এখন ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
প্রসঙ্গত, গ্রুপ সি-তে রয়েছে ২,৯৮৯টি এবং গ্রুপ ডি-তে ৫,৪৮৮টি শূন্যপদ। মাধ্যমিক পাশ করলেই গ্রুপ ডি-তে আবেদন করা যায়। যদিও প্রথম দিকে আবেদনকারীর সংখ্যা প্রত্যাশার তুলনায় কম ছিল। তবে সময়সীমা বৃদ্ধির পর সেই সংখ্যাটা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা গিয়েছে।
‘দাগি’দের তালিকা প্রকাশ
উল্লেখ্য, শুক্রবার রাতে এসএসসি-র তরফে ২০১৬ সালের নিয়োগ পরীক্ষায় গ্রুপ সি ও ডি-এর ‘দাগি’দের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় রয়েছে ৩,৫১২ জনের নাম, যেখানে মোট দাগির সংখ্যা প্রায় ৭,২৯৩ বলে কমিশন সূত্রে খবর। নতুন তালিকায় প্রার্থীদের নাম, রোল নম্বর, প্রাপ্ত নম্বর, বাবার নাম, ঠিকানা এবং কোন পদে আবেদন করেছিলেন, সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।