অবনমনের আশঙ্কা কাটল স্যান্টোসের, তবে স্বস্তির মাঝে অস্ত্রোপচারের ঘোষণা করলেন নেইমার

অবনমনের প্রবল আশঙ্কা থাকলেও, শেষ পর্যন্ত স্যান্টোস ক্লাবকে সেই লাল চোখ আর দেখতে হল না। ক্রুজেইরোর কাছে ৩-০ গোলে হারলেও, শেষ পর্যন্ত অবনমন এড়াতে পেরেছে নেইমারের প্রিয় ক্লাব। দলের এই স্বস্তির ফলে নেইমারও হাঁফ ছেড়ে বাঁচলেন।
যদিও স্যান্টোস এর আগে ২০২৩ সালে প্রথমবার অবনমনের শিকার হয়েছিল। এবারও তেমনই আশঙ্কা তৈরি হয়েছিল। এর মধ্যে ব্রাজিলীয় তারকা নেইমার চোট নিয়েই দুটি ম্যাচে গোল করেছিলেন। তবে ক্রুজেইরোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি গোল করতে পারেননি।
ম্যাচে নেইমার পুরোদমে নব্বই মিনিট খেলেন। ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১২ নম্বরে শেষ করল স্যান্টোস। এই মৌসুমে নেইমার মোট ২০টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন। যার মধ্যে শেষ তিনটি ম্যাচেই তিনি ৪টি গোল করেছেন।
ম্যাচ শেষে অস্ত্রোপচারের ঘোষণা নেইমারের
ম্যাচ জিতে উঠে নেইমার জানান যে, তিনি অস্ত্রোপচার করাতে চলেছেন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে তিনি হাঁটুর গুরুতর চোট পান।
এরপর থেকে নেইমার আর ব্রাজিলের হয়ে খেলতে পারেননি। ব্রাজিলের ম্যানেজার কার্লো অ্যানচেলোত্তি আগামী বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের ফিটনেসের ওপর শর্ত আরোপ করেছেন।
ফুটবলপ্রেমীরা মনে করছেন, মেসি ও রোনাল্ডোকে আগামী বিশ্বকাপে দেখা যেতে পারে। কিন্তু হাঁটুর চোটের কারণে নেইমারকে কি বিশ্বকাপে দেখা যাবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। অস্ত্রোপচার হবে, তবে সেই বিষয়ে বিশদে কিছু জানাননি ব্রাজিলীয় তারকা। তবে নেইমার-প্রেমীরা মনে করেন, এখনও বিশ্বকাপে খেলার আশা রয়েছে নেইমারের।