‘অভিনয়ের টাকা আছে, দুর্নীতির যোগ নেই’, জামিনে মুক্ত হয়েও কেন ‘ভুখা’ অর্পিতা? ইডি-কে অ্যাকাউন্ট খোলার আবেদন!

দুর্নীতির মামলায় দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়। বর্তমানে জামিনে মুক্ত থাকলেও ইডি-র বাজেয়াপ্ত করা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কারণে তাঁর নাকি জীবনযাপনে সমস্যা হচ্ছে। এই অ্যাকাউন্টগুলি খুলে দেওয়ার জন্য সোমবার ইডি আদালতে আবেদন জানালেন অর্পিতা।

ইডি আদালতে অর্পিতার আইনজীবী সওয়াল করার সময় জানান, তাঁর মক্কেলের তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডি বাজেয়াপ্ত করে রাখায় তিনি কার্যত ‘ভুখা’ রয়েছেন। এই তিনটি অ্যাকাউন্ট খুলে দেওয়া অত্যন্ত জরুরি।

অর্পিতার আইনজীবীর দাবি, ২০০৪ সালে খোলা এই তিনটি অ্যাকাউন্টে অর্পিতার অভিনয় এবং মডেলিংয়ের মাধ্যমে আয়ের টাকা জমা রয়েছে। এই অ্যাকাউন্টগুলির সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ ইডি এখনও পর্যন্ত খুঁজে পায়নি। তা সত্ত্বেও অ্যাকাউন্ট আটকে রাখায় জীবনধারণে সমস্যা হচ্ছে অভিনেত্রীর। অর্পিতার আইনজীবীর সওয়ালের পর আদালত নতুন করে আবেদনের নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ জুলাই অর্পিতার ফ্ল্যাট থেকে ইডি প্রায় ৫০ কোটির বেশি নগদ টাকা ও গয়না উদ্ধার করেছিল। সেই সময় টাকার স্তূপের ছবি বঙ্গবাসীকে চমকে দিয়েছিল। এই ঘটনার পর নিয়োগ দুর্নীতি মামলার জল অনেক গড়িয়েছে। অর্পিতা মুখোপাধ্যায় জামিন পাওয়ার পর কিছুদিন আগে জানিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্তি পেলেও এখনও তাঁর সঙ্গে কোনও কথা হয়নি। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা প্রসঙ্গে এক সময় বলেছিলেন, “যাঁর বৌ আছে…তার দুটো বান্ধবী থাকতে পারে। আর আমার বৌ নেই, একটা বান্ধবী থাকতে পারে না? আমি সদর্পে বলছি।”

Dipak Barman01
  • Dipak Barman01